২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের বিরুদ্ধে বিদেশি কোম্পানির অভিযোগ

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের বিরুদ্ধে ‘অন্যায়ভাবে’ ক্রয়ের আদেশ বাতিল করার অভিযোগ এনেছে ফরমিয়া এয়ারলাইন্স সাপ্লাইস লিমিটেড নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 12:21 AM

Updated : 13 Oct 2022, 12:37 PM

বুধবার হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে পাওনা হিসেবে ২ লাখ ৩০ হাজার ৫২০ মার্কিন ডলার বুঝিয়ে দেওয়ার দাবিও জানান হংকংভিত্তিক আন্তঃবিমান সেবা প্রদানকারী এই প্রতিষ্ঠানটির পরিচালক লি ওয়াই কুয়েন।

সংবাদ সম্মেলনে কুয়েন অভিযোগ করে বলেন, হাজীদের মধ্যে ব্যাগ ও হজ কিট বিতরণের জন্য বিমান গত ২৪ জুন একটি আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করে যাতে সকল শর্ত মেনে ফরমিয়া বিজয়ী হয়।

“টেন্ডার বিজয়ী হওয়ার পরে স্পেসিফিকেশন অনুসারে ৫১ হাজার হজ ব্যাগ উৎপাদন শুরু করা হয়। আন্তর্জাতিক নিয়ম পরিপন্থি হলেও পুরোদমে উৎপাদনের মাঝে বিভিন্ন সময়ে বিমান ই-মেইলের মাধ্যমে স্পেসিফিকেশন পরিবর্তন করতে বলে।”

কুয়েন বলেন, “১৮ অগাস্টের মধ্যে পাঁচ হাজার সেট ব্যাগ প্রস্তুত করে তা ২২ অগাস্ট সরবরাহের জন্য প্রস্তুত রাখা হয়। ২৫ অগাস্ট বিমান পারচেজ অর্ডার দিলে তাতে ২৪ ঘণ্টার মধ্যে ৫ হাজার ব্যাগ ডেলিভারি দিতে বলা হয়।”

২৬ অগাস্ট তা বিমানের কাছে পৌঁছে দেওয়া হলে কোনো ‘যৌক্তিক কারণ’ না দেখিয়েই বিমান ই-মেইলের মাধ্যমে কেনার আদেশ বাতিল করে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, এতে ফরমিয়ার ২ লাখ ৩০ হাজার ৫২০ ডলার ক্ষতি হয়েছে।

এর জন্য বিমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন প্রতিষ্ঠানটির আইন সহায়তাকারী প্রতিষ্ঠান লিগ্যাসি লিগ্যাল কর্পোরেট এর সিনিয়র পার্টনার ব্যারিস্টার জেনিফার আশরাফ।

তিনি বলেন, “পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ সঠিকভাবে অনুসরণ করেনি। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য এই দ্বন্দ্বের আশু সমাধান করতে বিমানকে আহ্বান জানাচ্ছি।”

এ বিষয়ে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।