২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি হতে পারে আরো দুদিন

বর্ষা মৌসুম বিদায়ের আগে আরো দুদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 08:55 PM

Updated : 25 Apr 2022, 04:44 PM

গত কয়েক দিনের মতো বুধবারও রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহে সর্বোচ্চ ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর রাজধানীতে বৃষ্টি ঝরেছে ১৭ মিলিমিটার।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বজলুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমন আবহাওয়া শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর দুয়েক দিন রোদেলা আবহাওয়ার ফাঁকেই বৃষ্টির দেখা মিলতে পারে।”

তিনি জানান, বর্ষা মৌসুম বিদায়ের প্রাক্কালে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। অক্টোবরের প্রথমার্ধে বিদায় নেবে বর্ষা। এর আগ পর্যন্ত মাঝেমধ্যেই বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসের বিষয়ে অধিদপ্তর জানায়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায়  অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

বিজ্ঞপ্তিতেও বলা হয়, “আগামী দুই দিন আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। তবে পরের পাঁচ দিন উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।”

অক্টোবর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়, মাসের প্রথমার্ধের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহ (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। স্বাভাবিক বৃষ্টিপাতের পাশাপাশি এ সময় বঙ্গোপসাগরে দুয়েকটি  নিম্নচাপ সৃষ্টি হতে পারে; যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের  রূপ নিতে পারে।