নারী ছিনতাইকারীর কবলে নারী কনস্টেবল
এক নারী পুলিশ কনস্টেবলের সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই দুই নারী ছিনতাইকারীর সঙ্গে তাদের সহযোগী এক অটোরিকশা চালককেও গ্রেপ্তার করা হয়েছে।
এরা বিভিন্ন অটো রিকশায় যাত্রীবেশে উঠে ছিনতাইয়ের কাজ করে আসছিল বলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।
মঙ্গলবার রাতে গ্রেপ্তার এই তিনজন হলেন- ইয়াসমিন আক্তার (৩২), সুমি আক্তার (২৪) ও অটোরিকশা চালক আব্দুল গফুর (২৮)।
নগরীর কালামিয়া বাজার এলাকা থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার নারী কনস্টেবল টুম্পা নাগ মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষ করে সাতকানিয়া উপজেলায় তার বাড়িতে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন।
ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাতকানিয়া যেতে সন্ধ্যায় শাহ আমানত সেতু এলাকায় অপেক্ষা করছিলেন টুম্পা।
“এসময় যাত্রীবেশে ইয়াসমিন ও সুমি পুলিশ সদস্য টুম্পা নাগকে তাদের অটোরিকশায় তুলে নেয়। পরে টুম্পার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে তাকে অটোরিকশা থেকে নামিয়ে দেয়।”
বিষয়টি টুম্পা বাকলিয়া থানায় জানানোর পরপর পুলিশ অভিযান চালিয়ে কালামিয়া বাজার এলাকা থেকে রাতে অটোরিকশাসহ ওই তিনজনকে গ্রেপ্তার করে।
