২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাল ব্যবহার করুন- নির্দেশ পুলিশকে

সাধারণ মানুষের সঙ্গে ‘ভাল ব্যবহার’ করতে বন্দর নগরীর সব থানার পুলিশ সদস্যকে নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের নতুন কমিশনার আব্দুল জলিল মন্ডল।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 06:13 PM

Updated : 22 Aug 2022, 07:11 PM

ঢাকার অতিরিক্ত কমিশনারের দায়িত্ব সামলে আসা এই পুলিশ কর্মকতর্তা বন্দর নগরীর দায়িত্ব নিয়ে বুধবার সিএমপি সদর দপ্তরে ‘মিট দ্য প্রেসে’ একথা জানান।

গত ২১ সেপ্টেম্বর সিএমপি কমিশনার পদে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে এটাই ছিল তার আনুষ্ঠানিক প্রথম মতবিনিময়।

অনুষ্ঠানে জলিল মণ্ডল বলেন, “চট্টগ্রামের সব থানার কর্মকর্তাদের জনগণের সেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে, যাতে সাধারণ লোকজনের সাথে ভালো ব্যবহার করে।”

বন্দর নগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা চেয়েছেন নতুন সিএমপি কমিশনার।

বিসিএস পুলিশের সপ্তম ব্যাচের কর্মকর্তা জলিল মণ্ডল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনারের দায়িত্ব পালনের আগে চট্টগ্রামেও অতিরিক্ত কমিশনারের দায়িত্ব পালন করেন।

তিনি এর আগে বাগেরহাট, নীলফামারী ও জয়পুরহাট জেলা পুলিশ সুপারের দায়িত্বও পালন করেন। 

নতুন দায়িত্ব পালন করে চট্টগ্রামবাসীকে স্বস্তিতে রাখাই মূল উদ্দেশ্য থাকবে বলে জানান জলিল মণ্ডল।

মাদক বিক্রেতা ও সন্ত্রাসীদের পেশা ছেড়ে ভাল পথে আসার আহ্বানও জানান তিনি।

“অন্যথায় তাদের চট্টগ্রাম ছাড়তে হবে,” হুঁশিয়ার দেন তিনি।

বন্দর নগরীর বিভিন্ন ফুটপাত দখলমুক্ত করতে পুলিশকে উদ্যোগ নেওয়ার আহ্বান সাংবাদিকরা জানালে পুলিশ কমিশনার বলেন,এজন্য ‘রাজনৈতিক সদিচ্ছার’ দরকার।

“পুলিশ এককভাবে কিছু করতে গেলে পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে,”  বলেন তিনি।

সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুম-খুনের  যে অভিযোগ করা হচ্ছে, তার জবাবে জলিল মণ্ডল বলেন, “গুম-খুনের কাজ পুলিশের না, পুলিশ এ ধরনের কাজ করেও না।

“পুলিশ অতীতেও কখনও গুম-খুনের সাথে জড়িত ছিল না।”

মিট দ্য প্রেসে কমিশনারের সঙ্গে ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) একেএম শহীদুর রহমান, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদারসহ অন্য কর্মকর্তারা।