জাহাঙ্গীরনগরে প্রগতিশীল ছাত্রজোটের মিছিল
মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় প্রত্যাখান করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।
বুধবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অমর একুশের পাদদেশে এসে শেষ হয়।
পরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়মের সঞ্চালনায় সমাবেশে প্রগতিশীল ছাত্রজোটের নেতারা সাঈদীর রায় নিয়ে সরকারের নির্লিপ্ত ভূমিকার সমালোচনা করে বক্তব্য দেন।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সভাপতি শাফায়াত পারভেজ বলেন, “অতীতে যে সরকারই ক্ষমতায় এসেছে তারাই যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে রাজনীতি করেছে। আর বর্তমান মহাজোট সরকার মানবতাবিরোধী অপরাধীদের বাঁচাতে জামায়াত-শিবির চক্রের সাথে আঁতাত করেছে। জোট-মহাজোট সরকার সবসময়ই রাজাকরের পাহারাদার হিসাবে কাজ করেছে।”
সমাবেশ শেষে বক্তারা আগামী ২৬ সেপ্টেম্বর গণজাগরণ মঞ্চের মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
