২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ খুন: নয় মাস পর চারজনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে

রাজধানীর গোপীবাগে কথিত পীরসহ ছয় খুনের নয় মাস পর অন্য তিন মামলার চার আসামিকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়েছে পুলিশ। 

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 05:18 PM

Updated : 13 Oct 2022, 12:37 PM

পুরনো খবর:

একটির কূল-কিনারা নেই, ঘটল আরেকটি খুন
‘মুরিদ সেজে ঢুকে ১০-১২ জন মিলে হত্যা’

গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুয়াল খায়ের মাতুব্বর বুধবার ওই চারজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে গোপীবাগের হত্যার ঘটনায় গ্রেপ্তার দেখান এবং ১০ দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন।

শুনানি শেষে মহানগর হাকিম ইউনূস খান চার দিনের হেফাজত মঞ্জুর করেন।

এই চারজন হলেন- জিয়াউল ইসলাম, আল আমিন, আজমির ও গোলাম সারওয়ার।

আদালত পুলিশের উপ পরিদর্শক রাকিব উদ্দিন জানান, এই চারজন রমনা থানার তিনটি মামলার আসামি। এর মধ্যে একটি সন্ত্রাসবিরোধী আইনের, একটি অবৈধ অস্ত্র ও একটি বিস্ফোরক  আইনের মামলা।

আদালতে রিমান্ড আবেদনে বলা হয়, “আটজন খুনি ওই ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় জড়িত আছে নিষিদ্ধ ঘোষিত জেএমবি।

“ঘটনার প্রাসঙ্গিকতায় মনে হচ্ছে এই চারজন ওই হত্যাকাণ্ডে জড়িত। অজ্ঞাতপরিচয় আরো সহযোগিদের নিয়ে তারা এ ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। এ কারণে এদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।”

চার আসামির মধ্যে একজনের পক্ষে আইনজীবী মো. মান্নান রিমান্ডের আবেদনের বিরোধিতা করলেও বিচারক তা আমলে নেননি।

গত বছরের ২১ ডিসেম্বর সন্ধ্যায় রামকৃষ্ণ মিশন রোডের ৬৪/৬ নম্বরে চারতলা ভবনের দ্বিতীয় তলার বাসায় মুরিদ সেজে ঢুকে কথিত পীর লুৎফর রহমান ফারুক, তার ছেলে সারোয়ার ইসলাম ফারুক ওরফে মনির, পীরের খাদেম মঞ্জুর আলম মঞ্জু, মুরিদ মো. শাহিন, রাসেল ও মুজিবুল সরকারকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

ওই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে বলা হয়, হত্যার সময় ১০-১২ জন লুৎফরের বাড়িতে ঢুকেছিল। হত্যা করেই তারা চলে যায়।

বাড়ি থেকে কিছু জিনিসপত্র খোয়া গেলেও তাতে ঘটনাটি ডাকাতি বলে মনে হয়নি পুলিশের কাছে। বরং কোনো ধর্মীয় উগ্রপন্থী সংগঠন ছয় খুনের ঘটনায় জড়িত বলে সন্দেহ প্রকাশ করেছিলেন তদন্ত কর্মকর্তা।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আবুয়াল খায়ের মাতুব্বর গত ২৮ অগাস্ট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিন, এই হত্যার ঘটনায় তারা এ পর্যন্ত ৩৫ জনকে জিজ্ঞাসাবাদ করলেও গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাননি।

একই দিনে লুৎফরের ছোট ছেলে ও মামলার বাদী আব্দুল্লাহ আল ফারুক হতাশা প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, প্রথম দিকে তদন্তের গতি থাকলেও ধীরে ধীরে তা ঝিমিয়ে পড়ে।

ফারুকও বলেছিলেন, কোনো জঙ্গি সংগঠনই তার বাবা-ভাইসহ অন্যদের হত্যা করেছে বলে তাদের ধারণা।

“বাবার গ্রামের বাড়িতে বা ব্যাংকে এমন কোনো টাকা-পয়সা নেই, যার কারণে তাকে খুন করা হবে। বাবার লেখালেখি এবং মতবাদের জন্যই এই ঘটনা।”