২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ডাকাত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

গাজীপুরে ডাকাত সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। পিটুনিতে আহত আরেকজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 04:37 PM

Updated : 22 Aug 2022, 07:11 PM

মঙ্গলবার রাতে সিটি কর্পোরেশনের মৈরান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সানপাড়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে সাদ্দাম হোসেন (২৫) ও শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৩০)।

পূবাইল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, মৈরান এলাকায় মঙ্গলবার রাত ৩টার দিকে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় এলাকাবাসী টের পেয়ে তাদের ঘিরে ফেলে। পরে তাদের ধাওয়া করে তিনজনকে আটক করে পিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিলে রাতেই বিল্লাল ও সকালে সাদ্দাম মারা যান।

আহত মো. রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় থানায় একটি হত্যা ও একটি ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।