২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে ৭ গ্রাম প্লাবিত

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে ফুলগাজী উপজেলার সাতটি গ্রাম প্লাবিত হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 03:07 PM

Updated : 13 Oct 2022, 12:37 PM

বুধবার ভোরে ফুলগাজীর বিজয়পুর অংশে ৫০ মিটার বাঁধ ভেঙে যায়। এতে ফেনী-পরশুরাম সড়ক দুই ফুট পানিতে তলিয়ে যাওয়ায় ফেনীর সঙ্গে পরশুরাম ও ফুলগাজীর ছোট যান চলাচল বন্ধ রয়েছে।

ফুলগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন বলেন, ভোরে বিজয়পুর এলাকায় মুহুরী নদীর ৫০ মিটার বাঁধ ভেঙে পানি ঢুকে সদর ইউনিয়নের কিসমত বিজয়পুর, বিজয়পুর, বাসুরা, উত্তর বরইয়া, কিসমত বাসুরা, মধ্যম বাসুরা দৌলতপুর গ্রামের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। ওই গ্রামগুলো অর্ধশতাধিক ঘরবাড়িতে পানি উঠেছে।

তিনি বলেন, ফুলগাজী বাজারে পানি জমে যাওয়ায় বেশিরভাগ দোকান পাঠ বন্ধ রয়েছে। পানির তোড়ে উপজেলার একরাম সড়কের ৩০ মিটার ভেঙে যাওয়ায় উপজেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বাঁধের ভাঙন ক্রমেই বড় আকার ধারণ করায় হুমকির মুখে পড়েছে এসব গ্রামের প্রায় ৪-৫ হাজার পরিবার।

স্থানীয় বাসিন্দা রাসেল মাঈনুল বলেন, পানি উন্নয়ন বোর্ড যথাযথ ব্যবস্থা না নেয়ায় কিছু দিন পরপরই ভাঙন দেখা দিচ্ছে। চলতি বছর তিন দফা নদীর বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় এ অঞ্চলের ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী রমজান আলী বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মুহুরী নদীর পানি বিপদ সীমার ২৫ সেন্টিমিটার মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে বুধবার বেলা ১২টা দিকে পানি বিপদ সীমার ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরো নেমে গেলে বাঁধের ধসে যাওয়া অংশ পুনরায় মেরামত করা হবে।