২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলতাফের স্থায়ী বিচারক হওয়ার আবেদন খারিজ

হাই কোর্টে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগের জন্য এ বি এম আলতাফ হোসেনের দুটি রিট আবেদন খারিজ করে দিয়েছে একটি বেঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 02:52 PM

Updated : 22 Aug 2022, 07:11 PM

বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ এই আদেশ দেয়।

আদালতে আলতাফের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, এম আই ফারুকী, মোহাম্মদ ইদ্রিসুর রহমান ও আইনজীবী মো. সালাউদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

এর আগে গত ১৪ অগাস্ট আলতাফের রিটের শুনানি নিতে অন্য আদালতের এক বিচারক বিব্রতবোধ করেছিলেন। ওই বেঞ্চে জ্যেষ্ঠ বিচারক হিসাবে বিচারপতি শেখ হাসান আরিফই ছিলেন। তবে সেই বেঞ্চে অপর বিচারক হিসাবে ছিলেন বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান।

এই রিটে বাদী হিসাবে রয়েছেন আলতাফ নিজেই। এর আগে একই বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইদ্রিসুর রহমান অন্য আবেদনটি করেছিলেন।

২০১২ সালের ১৪ জুন আলতাফসহ মোট ছয়জনকে অতিরিক্ত বিচারক হিসেবে হাই কোর্টে নিয়োগ দেয়া হয়। দুই বছর মেয়াদ শেষ হওয়ার পর এই বিচারককে বাদ দিয়ে তার পাঁচ সতীর্থকে গত জুনে স্থায়ী করা হয়।

এর আগে ১৯৯৬-০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পাওয়াদের চারদলীয় জোট সরকরের সময় স্থায়ী নিয়োগ দেয়া দেয়নি।

ইদ্রিসুর রহমান ওই বিষয়ে আদালতে মামলা করলে রায়ে ১০ বিচারক হাই কোর্টে স্থায়ী হিসাবে নিয়োগ পান। তবে সে সময় তাদের জ্যেষ্ঠতা দেয়া হয়নি।

পরে তাদের সঙ্গে বাদ পড়া আরো একজন স্থায়ী হিসাবে নিয়োগ পান।

ওই সময়ে বাদ পড়াদের মধ্যে মো. মুনসুরুল হক চৌধুরী ও এ এফ এম মেজবাহ উদ্দিন বিচারক হিসাবে ফেরেননি। তারা এখন হাই কোর্ট ও আপিল বিভাগে আইনজীবী হিসাবে কাজ করছেন।

আলতাফের বিষয়ে দুই রিটে বলা হয়েছে, “তার সঙ্গে একত্রে নিয়োগ পাওয়া সবার কাজে সন্তুষ্ট হয়ে তাদের নিয়োগ দিতে প্রধান বিচারপতি সুপারিশ করলেও কোনো কারণ উল্লেখ না করেই রাষ্ট্রপতি তাকে বাদ দিয়ে বাকি ৫ জনকে নিয়োগ দেন।”