আলমগীরের মামলায় নৌমন্ত্রীর সাক্ষ্য নেবে দুদক
জমি বরাদ্দে অনিয়মের অভিযোগে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরের বিরুদ্ধে করা মামলায় নৌমন্ত্রী শাজাহান খানকে সাক্ষ্য দিতে ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, আগামী ১২ অক্টোবর শাহজাহান খানকে কমিশনে হাজির হতে সোমবার নোটিস দেওয়া হয়েছে।
এ মামলায় আলমগীর কবিরসহ অন্য আসামিদের রোববার কমিশনের জিজ্ঞাসাবাদে হাজির হওয়ার কথা থাকলেও কেউই আসেননি বলে জানান প্রণব কুমার।
২১ সেপ্টেম্বর আসামিদের হাজির হতে বলে গত ১৪ সেপ্টেম্বর নোটিস দিয়েছিল কমিশন।
এ বছরের ৩ মার্চ জোট সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ চারজনের বিরুদ্ধে শাহবাগ থানায় এ মামলা করেন দুদকের উপ-পরিচালক যতন কুমার রায়।
মামলার এজাহারে বলা হয়, আলমগীর কবির প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে ‘নামমাত্র মূল্যে’ সরকারি জমি দেওয়ায় সরকারের ১৫ কোটি ৫২ লাখ টাকা ক্ষতি হয়।
এতে বলা হয়, আলমগীর কবির গৃহায়ন প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ২০০৬ সালে মিরপুর-৮ এলাকায় ওই ৭ একর জমি বরাদ্দ দেওয়ার সুপারিশ করেন।
তার ‘হস্তক্ষেপে’ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা ‘ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির’ মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে ‘বাজারমূল্যের চেয়ে কম দামে’ প্লট বরাদ্দ দেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
