রাজশাহীতে টায়ারে অগ্নিসংযোগ, হাতবোমার বিস্ফোরণ
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে ডাকা হরতালের দ্বিতীয় দিনে রাজশাহীতে টায়ারে অগ্নিসংযোগ ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা।
বোয়ালিয়া থানার ওসি আব্দুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, হরতাল সমর্থনে রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সোনাদিঘী মুনিচত্বরে ১০/১৫ জন শিবির কর্মী টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। তবে পুলিশ আসার আগেই তারা সেখান থেকে সটকে পড়ে।
শহরে হরতালের তেমন কোন প্রভাব পড়েনি জানিয়ে তিনি বলেন, গাড়ি চলাচল করছে এবং দোকানপাটও খোলা রয়েছে। আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরীতে নিয়মিত পুলিশের টহল রয়েছে।
মতিহার থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, বেলা পৌনে ১১টার দিকে নগরীর ডাসমারি ও কেদুর মোড়ে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে কয়েকজন শিবির কর্মী। এ সময় তারা রাস্তার উপর ইট ভাঙচুর করে তারা। তবে পুলিশ পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়।
