২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে জাবির ভর্তি পরীক্ষা পেছালো

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের কারণে সোমবারের ভর্তি পরীক্ষা পিছিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2014, 09:17 PM

Updated : 22 Aug 2022, 07:09 PM

কলা ও মানবিকী অনুষদভুক্ত সি ইউনিটের প্রথম বর্ষ সম্মান শ্রেণির ওই দিনের ভর্তি পরীক্ষা আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০ দলীয় জোটের হরতালের কারণে সোমবারের পরীক্ষাটি পেছানো হয়েছে। ”

পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলেও সময়সূচি আগের মতোই থাকবে বলে জানান তিনি।

এর আগে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে গত ১৮ সেপ্টেম্বরের পরীক্ষা ২৪ সেপ্টেম্বর এবং ২১ সেপ্টেম্বরের পরীক্ষাটি ২৫ সেপ্টেম্বরে পরিবর্তন করা হয়।

বুধবার থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষা ২৩ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা থাকলেও তিন দিনের হরতালের কারণে তা দুদফা পেছানো হল।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাসসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, এসএমএস ছাড়াও অ্যান্ড্রয়েডনির্ভর মোবাইল ফোনের নির্দিষ্ট অ্যাপ থেকে জানা যাবে।

এবছর বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটের এক হাজার ৯৫৫টি আসনের বিপরীতে মোট এক লাখ ৯৬ হাজার ৩২৪টি আবেদন জমা পড়ে।

পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৪

এদিকে শনিবারের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে চারজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা জানান, শনিবার ‘বি’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) দ্বিতীয় শিফটের পরীক্ষা চলার সময় পুরাতন কলা ভবনের ২০২ নং কক্ষ ও গণিত বিভাগের ২০৩ নং কক্ষ থেকে তাদের আটক করা হয়।

তপন কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আটকদের জিজ্ঞাসাবাদ করছি। জাহাঙ্গীরনগরে তাদের পরবর্তী সকল ভর্তি পরীক্ষা বাতিল করা হবে। আটকদের ব্যাপারে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

আটকরা হলেন-মো. কাইসার আহমেদ, নূর মোহাম্মদ, মো. রেজা-ই-রাব্বি ও মার্জিয়া মীম ।

কাইসার আহমেদের বাড়ি কুমিল্লার হোমনায়, নূর মোহাম্মদ লক্ষীপুরের কমলনগর থানার নুরুল ইসলামের ছেলে আর রেজা গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

কাইসার বলে, এসএমএসের মাধ্যমে পরীক্ষা চলার সময় প্রশ্নের উত্তর পাঠানোর শর্তে তিনি রাশেদ নামের এক ‘বহিরাগত শিক্ষার্থীর’ সঙ্গে ২ লাখ টাকায় চুক্তি করেন।

কাইসার ছাড়া রেজা-ই-রাব্বি ও মার্জিয়া মীমকে উত্তরপত্র বদল করার অপরাধে এবং  নূর মোহাম্মদকে ভুয়া পরীক্ষার্থী সন্দেহে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।