ফরিদপুরে আধুনিক শেখ জামাল স্টেডিয়ামের উদ্বোধন
আধুনিক মানে উন্নীত ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামের উদ্বোধন করলেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার বিকেল সোয়া ৫টায় ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে উদ্বোধনের আনুষ্ঠানিকতা শুরু করেন মন্ত্রী।
এর পর মাঠ পরিদর্শন শেষে স্টেডিয়ামে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি।
সেখানে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সরদার সরাফত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, পুলিশ সুপার জামিল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহসান তুহীন, আওয়ামী লীগ নেতা মোকাররম মিয়া বাবু।
এসয় উপস্থিত ছিলেন খন্দকার ইসতিয়াক হোসেন মারুফ, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, যুবলীগ নেতা নাজমুল ইসলাম খন্দকার লেভী ও এএইচএম ফোয়াদ।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জনগণের প্রতি দরদ থাকলে স্থায়ী দৃষ্টি নন্দন স্থাপনা ও অবকাঠামো গড়ে তোলা যায়। ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়াম তারই উদাহরণ।
ফরিদপুরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, রেল চালু, ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫০০ শয্যার আধুনিক হাসপাতাল এসবই বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন।
মন্ত্রী বলেন, “দলের ভেতরের ও বাইরের ষড়যন্ত্রকারীদেও আমি চিহ্নিত করে ফেলেছি। এখন ফরিদপুরের উন্নয়নকে কেউ রোধ করতে পারবে না।”
প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে পুরনো ফরিদপুর স্টেডিয়ামকে আধুনিক মানে উন্নীত করা হয়েছে। বর্তমানে নবনির্মিত গ্যালারির ধারণক্ষমতা সর্বোচ্চ ৩০ হাজার।
