২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের সেই ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন স্ত্রী-শ্বশুরের

এক পুলিশ কর্মকর্তা ও তার সাংবাদিক স্বামীর বিরুদ্ধে মামলার পরদিন সংবাদ সম্মেলন করে বাদি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন তার স্ত্রী ও শ্বশুর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 09:34 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মাহবুবের করা মামলার আসামি সাংবাদিক জালাল উদ্দিন সাগরও।

দীর্ঘদিন ধরে মাহবুব মোর্শেদ তার স্ত্রী জান্নাতুন নুর কুসুমকে নির্যাতন করলেও পুলিশের বিরুদ্ধে মামলা হওয়ার পর ‘সত্য’ প্রকাশের জন্যই এ সংবাদ সম্মেলন বলে দাবি করেন মাহবুবের শ্বশুর আহমদ ছফা।

ছফা জানান, তিনি রয়েল এগ্রিকালচারাল ফুড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং তার জামাতা মাহবুব ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।

জামাতার বিরুদ্ধে প্রতিষ্ঠানের টাকা আত্মসাতের অভিযোগ এনে তিনি বলেন, “ওই টাকার হিসেব চাওয়ায় সে আমার মেয়েকে ‍অমানুষিক নির্যাতন করে। আমার তিন নাতি-নাতনিকে চান্দগাঁও এলাকার একটি বাসায় নিয়ে আটকেও রাখে।”

গত ২৩ এপ্রিল তার মেয়ে মামলা করার পর আদালতের নির্দেশে ৪ অগাস্ট পুলিশ তার তিন নাতি-নাতনিকে উদ্ধার করে।

ছফা বলেন, মাহবুবের করা মামলার আসামি পুলিশের সহকারী কমিশনার মাহমুদা বেগমের সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগ নেই। তাকে তিনি চেনেন না।

পুলিশ কর্মকর্তার স্বামী সাংবাদিক জালাল উদ্দিন সাগরের সঙ্গে গত ৫ অগাস্ট আদালতে তার পরিচয় হয়।

জামাতা মাহবুব মোর্শেদ ‘মিথ্যা ও হয়রানিমূলক’ তথ্য দিয়ে মামলা করেছেন বলে অভিযোগ করেন আহমদ ছফা।

সংবাদ সম্মেলনে থাকা সাগর বলেন, “একা আমার পক্ষে সংবাদ সম্মেলন করা সম্ভব নয়। যেহেতু আমার বিরুদ্ধে মামলা হয়েছে তাই আমার কিছু বলার অধিকার আছে। আর উনারাও আমাকে ডেকেছেন।”

সন্তান আটকে রাখা নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় মাহবুব আগেই তাকে মামলার হুমকি দিয়েছিলেন বলে দাবি করেন সাগর।

চট্টগ্রামভিত্তিক  অনলাইন সংবাদপত্র সিটিজিনিউজ  টোয়েন্টিফোর  ডটকমের  এই প্রতিবেদক বলেন, “শিশু উদ্ধারের ঘটনার দিন আমি নিজ অফিসে ছিলাম। টেলিফোনে পাহাড়তলী ও চান্দগাঁও থানায় যোগাযোগ করে আমি সংবাদ করি। পরে আদালতে তিন শিশুকে হাজির করা হলে আমি সচিত্র খবর প্রকাশ করি।”

গত বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে ‘ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগে পুলিশ কর্মকর্তা মাহমুদা ও তার স্বামী সাগরসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন মাহবুব।

মামলার অন্য আসামিরা হলেন- চান্দগাঁও  থানার  এসআই  হাফিজ,  এএসআই  খালেদ  ও ইব্রাহীম  মাসুদ।

মামলায় মাহবুব বলেন, “পারিবারিক  দ্বন্দ্বের বিষয়ে আমার স্ত্রী আদালতে একটি মামলা করেন। এতে আমার  ঠিকানা দেয়া হয় পাহাড়তলী এলাকায়। আমি সন্তানদের  আটকে রেখেছি বলে তাতে অভিযোগ করা হয়।

“এ মামলার পর গত ৩ অগাস্ট আমার চান্দগাঁও এলাকার বাসায় পুলিশ গিয়ে তিন সন্তানসহ আমাকে  চান্দগাঁও থানায় নিয়ে আসে। এসময় জালাল উদ্দিন সাগরও উপস্থিত ছিলেন।”

পুলিশ কর্মকর্তা স্ত্রীর ক্ষমতা দেখিয়ে সাগর তাকে আটক করতে অভিযানে ‍অংশ নেয়া পুলিশ সদস্যদের বাধ্য করেন বলে অভিযোগ মাহবুবের।

এ ঘটনায় মাহবুব দুদক ও চান্দগাঁও থানায় মামলা করতে গেলেও তা নেয়া হয়নি বলে মামলা করার সময় আদালতকে জানান তার আইনজীবী।

তার অভিযোগ গ্রহণ করে দুদক ও থানায় মামলা না নেয়ার বিষয়টি তদন্তে গোয়েন্দা পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।

সংবাদ সম্মেলনে মাহবুবের তিন সন্তান, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের নগর সম্পাদক এম নাসিরুল হক, রয়েল এগ্রিকালচারাল ফুড ইন্ডাস্ট্রিজের জিএম মোসাদ্দেক হোসেন এবং মাহবুবের করা মামলার আরেক আসামি ইব্রাহিম মাসুদ উপস্থিত ছিলেন।