ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা, ৪ জনকে সাজা
পত্রিকায় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণার অভিযোগে চারজন সাজা দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এই চারজন হলেন- সজরুল ইসলাম তরিকুল (৩০), আমিরুল ইসলাম (৩৬), মহিউদ্দিন রনি (৪১) ও রফিকুর ইসলাম (২২)। তাদের প্রত্যেককে এক বছরের জেল ও দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আনোয়ার পাশা বলেন, শুক্রবার সকালে ঢাকার খিলক্ষেতে নিকুঞ্জ আবাসিক এলাকার ৬ নম্বর রোডে এক বাড়ির নিচতলায় ‘বিটকো’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
“এই চক্রটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ‘সিকিউরিটি অ্যান্ড সার্ভিস চার্জ’ এর নামে দুই থেকে তিন হাজার টাকা আদায় করে আসছিল। ঘন ঘন অফিসের স্থান বদল করে তারা এই প্রতারণা চালিয়ে আসছিল।”
অভিযানের সময় প্রতারণার বিষয়টি স্বীকার করায় চারজনকে সাজা দেয়া হয়েছে বলে আনোয়ার পাশা জানান।
র্যাবের অভিযানের সময়ও ওই প্রতিষ্ঠানে প্রায় পঁচিশজন চাকরিপ্রার্থী ছিল বলে জানান তিনি।
“এই চক্রটি বৃহস্পতিবার একটি পত্রিকায় ইটালীপ্রবাসী ম্যাডামের এপিএস নিয়োগের বিজ্ঞাপন দেয়। এই বিজ্ঞাপন দেখে জামালপুর থেকে মিজান, ঝালকাঠি থেকে নজরুলসহ বহু লোক চাকরির খোঁজে আসেন।”
অভিযানের আগে আগে সিরাজগঞ্জ থেকে আসা আব্দুল হাকিম নামের এক ব্যক্তি ‘সিকিউরিটি অ্যান্ড সার্ভিস চার্জ’ বাবদ দুই হাজার টাকা জমা দেয়। ‘এরিয়া ম্যানেজার’ হিসাবে চাকরি দেয়ার কথা বলে ওই টাকা নেয়া হয় ভ্রাম্যমাণ আদালতকে জানান তিনি।
আটক চারজনের মধ্যে তরিকুল নিজেকে ‘বিটকো’র মালিক বলে পরিচয় দিতেন। আর বাকি তিনজন তার সহযোগী।
