২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজের অবস্থান সনাক্ত, মংলায় নৌ চলাচল শুরু

মংলা বন্দরের পশুর চ্যানেলে সিমেন্টের কাঁচামাল (ক্লিংকার) নিয়ে এমভি হাজেরা-১ নামের একটি কার্গো জাহাজ ডুবে যাওয়ার ৮ ঘণ্টা পর নৌযানটির অবস্থান সনাক্ত করা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 07:04 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে চ্যানেলের ওই এলাকা দিয়ে আবার নৌযান চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর হাবিবুর রহমান ভূইয়া।

তিনি জানান, নৌবাহিনীর সহায়তায় ডুবে যাওয়া জাহাজটির অবস্থান সনাক্ত করার পর বিকাল ৫টার দিকে ওই এলাকা বয়া ও লাল পতাকা দিয়ে ঘিরে দেয়া হয়।

“৬টায় চ্যানেলের ওই এলাকা নিরাপদ ঘোষণার পর নৌযান চলাচল আবার শুরু হয়েছে।”

বন্দর চেয়ারম্যান জানান, ডুবে যাওয়া জাহাজটি দ্রুত অপসারণের জন্য মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনে এ কাজে তাদের সহযোগিতা দেবে বলেও জানানো হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে চ্যানেলের হারবারিয়া দুই নম্বর বয়া এলাকায় অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় এমভি হাজেরা-১। জাহাজডুবির পরপরই ওই এলাকায় জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়।

মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার খান মোহম্মদ আকতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এমভি হাজেরা-১ সকালে পশুর চ্যানেলের হারবারিয়ায় চীনা পতাকাবাহী এমভি তাইহোয়া থেকে ক্লিংকার বোঝাই করে।

জাহাজটি খুলনার রূপসা এলাকায় ‘সুংসিন গ্রুপের’ সেভেন সার্কেল সিমেন্ট কারখানার দিকে রওনা হওয়ার সময় সামনে নোঙর করা পানামার পতাকাবাহী এমভি সিনোগ্রেসের সঙ্গে ধাক্কা খায়। এতে ক্লিংকারবাহী জাহাজটি ডুবে যায়।

ওই কার্গোর আট নাবিক পানিতে পড়ে গেলেও সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

পুরনো খবর:

মংলায় ক্লিঙ্কারবাহী কার্গো ডুবি, নৌ চলাচল বন্ধ