২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর সমাধিতে গিনির শ্রদ্ধা

টুঙ্গীপাড়ায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নতুন হুইপ মাহাবুব আরা বেগম গিনি।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 03:25 PM

Updated : 13 Oct 2022, 12:34 PM

শুক্রবার সকালে টুঙ্গীপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দেন তিনি। এরপর ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন হুইপ।

এ সময় জাতীয় সংসদের আটজন নারী সংসদ সদস্য তার সঙ্গে ছিলেন।

এরা হলেন- উম্মে রাজিয়া কাজল, সানজিদা খানম, হোসেনে আরা বাবলী, মমতাজ বেগম, সাবিনা আক্তার তুহিন, দিলারা বেগম, ফিরোজা বেগম ও কামরুল লায়লা জলি।

এছাড়া গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, টুঙ্গীপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, ইউএনও মো. মোমিনুর রহমান, ওসি মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

গাইবান্ধা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনিকে গত ২ সেপ্টেম্বর হুইপ হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এর আগে গত ২৪ জানুয়ারি পটুয়াখালী-২ আসনের সাংসদ আ স ম ফিরোজকে প্রধান হুইপ এবং শেরপুরের সাংসদ আতিউর রহমান আতিক, দিনাজপুরের ইকবালুর রহিম, মৌলভীবাজারের মোহাম্মদ শাহাব উদ্দিন, চুয়াডাঙ্গার সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন) ও নওগাঁর শহীদুজ্জামান সরকারকে হুইপ হিসেবে নিয়োগ দেয়া হয়।

গত নবম সংসদে আওয়ামী লীগের হয়ে প্রথম সংসদে আসেন মাহাবুব আরা বেগম গিনি।  ওই সংসদে যুব ও  ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এবং গ্রন্থাগার কমিটির সদস্য ছিলেন তিনি।