২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনার পর রেলের ‘সুমতি’

ট্রেন দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার পর রাজধানীর কারওয়ানবাজারে রেললাইনের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেল কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 12:57 PM

Updated : 13 Oct 2022, 12:34 PM

পুরনো খবর:

কারওয়ানবাজারে রেললাইনের পাশে উচ্ছেদ
৯ মাসে ঢাকায় ট্রেনে কাটা ২ শতাধিক
কারওয়ানবাজারে ট্রেনের ধাক্কায় নিহত ৪

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এই অভিযানে রেল পুলিশ ও রেলওয়ের নিরাপত্তা বাহিনীর পাশাপাশি ঢাকা মহানগর পুলিশও অংশ নেয়।

এই অভিযানের নেতৃত্বে থাকা রেলের ঢাকা বিভাগীয় এস্টেট কর্মকর্তা নুরুন্নবী কবীর বলেন, প্রথম দিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অভিযান শেষ হয়েছে। কারওয়ানবাজারে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) ফটক সংলগ্ন  ক্রসিং থেকে তেজগাঁও রেল স্টেশন পর্যন্ত এলাকায় উচ্ছেদ অভিযান চলবে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) ফটক থেকে দুইশ গজ পর্যন্ত দুই পাশের দোকন ও অবৈধ ঘর উচ্ছেদ হয়েছে। সেখান থেকে আনুমানিক পাঁচশ গজ দূরে তেজগাঁও ক্রসিংয়ের পশ্চিম অংশে থাকা কয়েকটি ঘরও উচ্ছেদ করা হয়েছে।

তবে এফডিসি ফটকসংলগ্ন ক্রসিং এবং তেজগাঁও রেল স্টেশন এলাকার মাঝে রেললাইনের দুই পাশের কয়েকশ বস্তিঘর অক্ষতই রয়েছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নুরুন্নবী কবীর বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকায় মাঝের ওই অংশের বস্তিগুলো উচ্ছেদ করা যায়নি।

হঠাৎ এই অভিযানের কারণ জানতে চাইলে তিনি বলেন, “গতকালের দু্র্ঘটনার কারণে এদিকে আমাদের দৃষ্টি এসেছে। তাই আজ আমরা অভিযান চালিয়েছি।”

আগের দিন সকালে কারওয়ানবাজার রেলক্রসিংয়ের পাশে দুই ট্রেনের মাঝে পড়ে ধাক্কায় চারজন নিহত এবং অন্তত ১৩ জন আহত হন।

রেল কর্মকর্তারা জানান, কারওয়ানবাজারে রেললাইনের উপর প্রতিদিন সকালেই মাছ নিয়ে বসতেন বিক্রেতারা।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ওই এলাকায় পৌঁছালে একটি রেললাইনের উপর থেকে ক্রেতা-বিক্রেতারা পাশের লাইনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া কর্ণফুলি এক্সপ্রেস সেখানে পৌঁছালে দুই ট্রেনের মাঝে পড়েন তারা।

নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন রেলওয়ের থানার অপারেশন অফিসার রফিকুল ইসলাম।

এই তিনজন হলেন- নুরন্নবী, মনোয়ারা ও আব্দুল মালেক। অজ্ঞাতপরিচয় আরেক নারীর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত আরো পাঁচজন এই হাসপাতালে চিকিৎসাধীন।

আরো আগে কেন এই উচ্ছেদ অভিযান চালানো হয়নি জানতে চাইলে রেলের এস্টেট কর্মকর্তা নুরুন্নবী কবীর বলেন, “আগেও আমরা অনেককে ধরে নিয়েছি। দোকান করবে না বলে মুচলেকা দিয়ে ছাড়া পাওয়ার পর আবার এসে তারা এখানে দোকানদারি করতে বসে যায়।”

অভিযানে থাকা তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, “রেললাইনের পাশে এসব অবৈধ স্থাপনা থেকে নানা ধরনের অপরাধ সংঘটিত হয়ে আসছে। ট্রেন চলাচলের কারণে এদের প্রত্যেকের জীবন থাকে ঝুকিপূর্ণ।”

তিনি বলেন, “এসব স্থাপনা উচ্ছেদ হলে এখনে মাদক ব্যবসা থাকবে না। আর দুর্ঘটনাও কমে আসবে।”

আরো আগে এসব স্থাপনা উচ্ছেদ না হওয়ার জন্য রেল কর্তৃপক্ষকে দায়ী করেন তেজগাঁওয়ের ওসি।

তিনি বলেন, “রেললাইনের পাশে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে আগে উদ্যোগ নেয়া হলেও নানা কারণে তা হয়নি। রেল কর্তৃপক্ষের দায়িত্ব থাকলেও তারা তা করেনি।”

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কমলাপুর রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ বলেন, “রেল কর্তৃপক্ষকে বলার পরেও তারা আগ্রহ দেখায়নি।”

‘ভাড়া তোলেন সিরাজ কমান্ডার’

আকস্মিক এই অভিযানে ক্ষোভ প্রকাশ করেছেন রেললাইনের পাশের দোকানিরা। তাদের কথায় বেরিয়ে এসেছে সিরাজ কমান্ডার নামে এক ব্যক্তির কথা, যিনি এসব অবৈধ স্থাপনা থেকে নিয়মিত ‘ভাড়া’ আদায় করেন।

কারওয়ানবাজার রেলক্রসিংয়ের পূর্ব পাশে ‘বিল্লাল অটোমোবাইল’ নামের একটি গাড়ির গ্যারেজের মালিক বিল্লাল বলেন, “আগে কিছু বলেনি। সকালে এসেই বুলডোজার দিয়ে আমাদের দোকান ভাঙা শুরু করল। দুটো মাইক্রোবাসও ভেঙে দিয়েছে।”

রেলের জায়গায় অবৈধ দোকান করে ব্যবসা করেন কেন- এমন পশ্নে তিনি বলেন, “আমরা তো ভাড়া দিয়ে ব্যবসা করি। সিরাজ কমান্ডারকে নিয়মিত ভাড়া দিই।”

স্থানীয় আরো অনেকেই এই সিরাজ কমান্ডারকে ‘ভাড়া’ দেয়ার কথা বললেও তার পরিচয় জানাতে পারেননি রেল কর্মকর্তারা।  

স্থানীয়রা জানান, এফডিসি ও তেজগাঁও রেল ক্রসিংয়ের মাঝামাঝি এলাকায় লাইনের পাশে একটি টিনের ছাউনি দেয়া ঘরে এই সিরাজ কমান্ডার থাকেন। তবে সেখানে গিয়ে ঘরটিতে তালা দেয়া দেখা যায়।

আদালতের নিষেধাজ্ঞার কারণে লাইন ঘেঁষে তোলা ওই ঘরেও উচ্ছেদকারীদের হাত পড়েনি। 

ওই বস্তির বাসিন্দা সবুজ বলেন, “সিরাজ কমান্ডার রেলেরই লোক। স্থানীয় নেতাদের নির্দেশে টাকা তোলেন এবং সবাইকে ভাগ করে দেন।”

এই সিরাজ সম্পর্কে জানতে চাইলে রেল কর্মকর্তা নুরুন্নবী কবীর বলেন, “আমিও বেশ কয়েকজনের কাছে তার কথা শুনেছি। এই নামে রেলের কোনো কর্মী আছে কি না সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।”

অন্য অনেকের মতো শেফায়েত, জগলু মিয়া ও কেরামত আলী ওই এলাকায় রেললাইনের ওপর মাছ বিক্রি করে আসছিলেন দীর্ঘদিন ধরে। বৃহস্পতিবার দুর্ঘটনার সময়ও তারা সেখানে ছিলেন। তবে ভাগ্যক্রমে বেঁচে যান।

জগলু মিয়া বলেন, “রেললাইনের ওপর মাছ নিয়ে বসতে সিরাজ কমান্ডারকে প্রতিদিনি একশ টাকা করে দিতে হয়। কিন্তু ঘন ঘন ট্রেন আসে, বারবার মাছ নিয়ে উঠতে হয়। বেচা-কেনায় শান্তি পাওয়া যায় না।” 

তার ভাষায়, এতে মাছের দরদাম করতে ‘ঝামেলা’ হয়। আবার অনেকে ট্রেন আসার সুযোগে দাম না দিয়েই মাছ নিয়ে চলে যায়।

তেজগাঁও রেলক্রসিং এ দাঁড়িয়ে শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ছয়টি ট্রেন যাওয়া-আসা করতে দেখা যায়।