মাদক উদ্ধারে গিয়ে পিটুনির শিকার ৪ পুলিশ
মাদারীপুরের শিবচরে ইয়াবা উদ্ধারে গিয়ে পিটুনির শিকার হয়েছেন পুলিশের তিন এসআই ও এক কনস্টেবল।
শিবচর থানার ওসি আব্দুস সাত্তার জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজারে এ ঘটনার পর দুজনকে আটক করা হয়েছে।
আহতরা হলেন- শিবচর থানার এসআই গোবিন্দ, ফরহাদ ও আলমগীর এবং কনস্টেবল মানি মোল্লা।
এদের মধ্যে গুরুতর আহত এসআই গোবিন্দকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা শিবচর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ সদস্যদের উদ্ধার করতে এসে তোতা মিঞা হাওলাদার ও ইউপি সদস্য আব্দুল লতিফ খান নামে স্থানীয় দুই ব্যক্তিও আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত পুলিশ সদস্য ও এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় শিবচর থানার চার পুলিশ সদস্য কাঁঠালবাড়ী এলাকার বাংলাবাজারে বাদশা মিঞা নামের এক ব্যক্তির দোকানে অভিযান চালায়।
এ সময় একটি পলিথিনে মোড়ানো প্যাকেটে পাঁচটি ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজা পান তারা।
তারা দোকানিকে আটক করতে চাইলে আশেপাশের লোকজন এসে বাধা দেয়। এরপর তারা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে পাঁচ শতাধিক এলাকাবাসী জড়ো হয় সেখানে।
এই পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য পুলিশ সদস্যরা দোকানের ভেতরে ঢুকে গেলেও স্থানীয়রা তাদের টেনে-হিঁছড়ে বাইরে এনে মারধর করে।
মারাত্মক আহত অবস্থায় স্থানীয় কয়েকজন তাদের শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে শিবচর ঘটনাস্থলে ছুটে যায় থানা পুলিশের একাধিক দল।
এ সময় খলিল (৩৫) ও জাকির (২৮) নামে দুজনকে আটক করা হয় বলে জানান ওসি।
তিনি জানান, ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
