২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলশিক্ষকের বিরুদ্ধে উত্ত্যক্তের অভিযোগ শিক্ষিকার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন তারই সহকর্মী এক শিক্ষিকা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 07:15 PM

Updated : 22 Aug 2022, 07:05 PM

অভিযুক্ত মো. সরোয়ার হোসেন তালুকদার উপজেলার কমলকুড়ি বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক। তিনি উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকও।

ওই শিক্ষিকার একটি লিখিত অভিযোগ বৃহস্পতিবার হাতে পেয়েছেন বলে জানিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, যা গত সোমবার পাঠানো হয়েছে। অভিযোগের সঙ্গে তাদের দুজনের মোবাইল কথোপকথনের একটি সিডিও জমা দেয়া হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ওই শিক্ষিকাকে প্রধান শিক্ষক নিজ কক্ষে ডেকে নিয়ে এবং ফোন করে উত্ত্যক্ত করতেন। সম্প্রতি তিনি ওই শিক্ষিকাকে জোর করে ধর্ষণ করারও হুমকি দেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

ওই শিক্ষিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধান শিক্ষক সরোয়ার হোসেন গত দুবছর ধরে আমাকে কু প্রস্তাব দিয়ে আসছেন। রাজি না হওয়ায় তিনি আমাকে স্কুল চলাকালীন সময়ে ‘মানসিক টর্চার’ করেছেন।

“সর্বশেষ গত ২ সেপ্টেম্বর আমাকে মোবাইল ফোনে জোর করে ভোগ করার হুমকি দেয়ায় আমি ৩ সেপ্টেম্বর থেকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছি।”

এবিষয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোতাহার হোসেন সরদারকে জানিয়ে তিনি কোনো প্রতিকার পাইনি। উল্টো তিনদিন অনুপস্থিত থাকায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

শিক্ষিকা বলেন, “অবশেষে উপায়ন্ত না পেয়ে আমি অভিযোগ করতে বাধ্য হয়েছি।”

সরোয়ার হোসেন এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত। তিনি উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান হাওলাদারের আত্মীয়।

তবে সরোয়ার হোসেন এ অভিযোগ অস্বীকার করে ওই শিক্ষিকাকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে দাবি করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাকে হয়রানি করার জন্য সে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। আমি ওই শিক্ষিকাকে বিপদে আপদে অনেক সহযোগিতা করেছি। আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে সে ‘ব্লাকমেইল’ করে এখন উল্টো উত্ত্যক্ত ও হয়রানি করছে। মোবাইলের ওই ভয়েস আমার নয়। অন্য কারো ভয়েস এখানে জড়িয়ে দেয়া হয়েছে।”

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোতাহার হোসেন সরদার বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের কেলেংকারির রেকর্ড নেই। ওই শিক্ষিকার মোবাইলের রেকর্ড করা কথা আমি শুনেছি। এটা কোনো কোনো ক্ষেত্রে সরোয়ারের বলে মনে হয়েছে।  তারা দুজনই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে। এ ঘটনায় যেই দোষী হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।