২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পদের হিসাব: মাহমুদুরের মামলায় সাক্ষ্য চলবে

সম্পদের হিসাব দাখিল না করার মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 05:00 PM

Updated : 22 Aug 2022, 07:05 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।

এর ফলে বিচারিক আদালতে এ মামলায় সাক্ষ্য গ্রহণে আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মো. খুরশীদ আলম খান।   

আদালতে মাহমুদুরের পক্ষে শুনানি করেন এজে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম।

মামলাটি বর্তমানে বিচারিক আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে থাকলেও হাই কোর্টে এ আবেদনটি নিয়ে শুনানি চলার যু্ক্তি দেখিয়ে সময় নিয়েছিল আসামিপক্ষ ।

এর আগে মাহমুদুর মামলাটি বাতিলের জন্যও হাই কোর্টে এসেছিলেন। মে মাসে অন্য একটি বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়।

পুরান ঢাকার বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে এ মামলার বিচার চলছে।

২০০৪ সালের দুর্নীতি দমন আইনের ২৬/১ ধারায় গত ২৮ এপ্রিল এ মামলায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

২০১০ সালের ১৩ এপ্রিল সম্পদের হিসাব চেয়ে বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান ও জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানকে নোটিস দেয় দুর্নীতি দমন কমিশন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে হিসাব না দেয়ায় ওই বছর ১৩ জুন গুলশান থানায় এ মামলা করা হয়।