বিচারক নিয়োগ: খালেদার আবেদনের আদেশ ১৪ সেপ্টেম্বর
দুটি দুর্নীতি মামলায় অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা দুই আবেদনের বিষয়ে ১৪ সেপ্টেম্বর আদেশ দেবে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে এ বিষয়ে শুনানি শেষে বৃহস্পতিবার আদেশের এই দিন ঠিক করে দেয়া হয়।
শুনানির শেষ দিন রাষ্ট্রপক্ষে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর খালেদার পক্ষে ছিলেন এজে মোহাম্মদ আলী।
ঢাকার বিশেষ জজ-৩ বাসুদেব রায় গত ১৯ মার্চ বিএনপি চেয়ারপার্সনের উপস্থিতিতে ‘জিয়া দাতব্য ট্রাস্ট’ ও ‘জিয়া এতিমখানা ট্রাস্ট’ দুর্নীতি মামলায় অভিযোগ গঠন করেন।
এরপর ওই বিচারকের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে আসেন খালেদা। সেখানে তার আবেদন খারিজ হলে এর বিরুদ্ধে আপিল বিভাগে দুই মামলার জন্য একই অভিযোগে এ দুটি আবেদন করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা।
সোয়া পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা এ দুই মামলা বাতিলের জন্যও হাই কোর্টে এসেছিলেন বিএনপি চেয়ারপার্সন। কিন্তু তার ওই আবেদনও খারিজ হয়। এ বিষয়ে তার আপিল আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে।
২০১১ সালের ৮ অগাস্ট জিয়া ‘দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলা’ দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ। এ মামলায় আদালতে অভিযোগপত্র দেয়া হয় ২০১২ সালের ১৬ জানুয়ারি।
তেজগাঁও থানার এ মামলায় ‘ক্ষমতার অপব্যবহার করে’ জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।
অন্যদিকে জিয়া এতিমখানা ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অন্য মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। ২০১০ সালের ৫ অগাস্ট এ মামলার অভিযোগপত্র দেয়া হয়।
এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে এ মামলায়।
পুরান ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে আদালতের বিশেষ এজলাস বসিয়ে এই দুই মামলার বিচার চলছে।
জিয়া এতিমখানা ট্রাস্টের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা ও তার ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে। আর জিয়া চ্যারিটেবল (দাতব্য) ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সঙ্গে আসামি হিসাবে রয়েছেন আরও তিনজন।
এতিমখানা ট্রাস্ট মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং প্রয়াত জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
এদের মধ্যে সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আছেন জামিনে। তারেক উচ্চ আদালতের জামিনে দেশ ছাড়ার পর গত ছয় বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। এ মামলায় তাকে পলাতক দেখানো হয়েছে।
দাতব্য ট্রাস্ট মামলার অন্য আসামিরা হলেন- খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
এদের মধ্যে মামলার শুরু থেকেই পলাতক হারিছ চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। খালেদাসহ বাকি দুই আসামি জামিনে রয়েছেন।
