২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয় দেশের অংশগ্রহণে কৃষি মেলা শুরু বৃহস্পতিবার

কৃষির আধুনিকায়ন এবং খাদ্যশস্যের প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি সময়োপযোগী করতে ‘চতুর্থ অ্যাগ্রো-বাংলাদেশ এক্সপো-২০১৪’ শুরু হচ্ছে বৃহস্পতিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 01:55 PM

Updated : 22 Aug 2022, 07:05 PM

বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এই মেলায় নয়টি দেশ অংশ নেবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বীজ উইংয়ের মহাপরিচালক আনোয়ার ফারুক।

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কৃষিতে উন্নতি আধুনিক প্রযুক্তি- স্লোগানে মেলায় ২২৫টি স্টল থকবে। দেশি-বিদেশি শতাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের এক হাজার বিজ্ঞানী, গবেষক ও ব্যবসায়ী মেলায় অংশ নেবেন।

“ফলে উদ্যোক্তারা কৃষিক্ষেত্রে অর্থ বিনিয়োগে উৎসাহিত হবেন এবং কৃষি বিষয়ক জ্ঞানের আদান-প্রদান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।”

কৃষির সঙ্গে জড়িত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিতব্য এই মেলায় ভারত, চীন, জাপান তাইওয়ান, থাইল্যান্ড মালয়েশিয়া, কোরিয়া, জার্মানি ও বাংলাদেশ অংশ নিচ্ছে বলে জানান আনোয়ার ফারুক।

তিনি বলেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিশেষ অতিথি হিসাবে মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

মেলায় বীজ, পেস্টিসাইড এবং কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করা হবে জানিয়ে আনোয়ার বলেন, শস্য প্রক্রিয়াকরণ যন্ত্রপাতি, শস্য সংগ্রহত্তোর প্রযুক্তি, ভ্যালু চেইন ডেভেলপমেন্ট, প্যাকেজিং ও বিপণনের বিষয়ও থাকবে।

“দেশের অতিরিক্ত খাদ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত করাই এখন বড় সমস্যা। ব্যবস্থাপনার জন্য ১০ থেকে ৪০ শতাংশ খাদ্য নষ্ট হয়, এ থেকে উত্তরণে মেলাটি সহায়তা করবে।”

কৃষিতে সমস্যা ও সমাধানের উপায় নিয়ে প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মোট ছয়টি কারিগরি সেশন হবে।

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৭টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান মহাপরিচালক।