সাভারে ৯ দন্ত চিকিৎসালয়ে অভিযান, ১০ জনের শাস্তির
ঢাকার সাভারে নয়টি দন্ত চিকিৎসালয়ে অভিযান চালিয়ে ১০ ভূয়া চিকিৎসককে আটক করে দণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
এসব ভূয়া চিকিৎসকরা নিজেদের বিশেষজ্ঞ বা সার্জন বলে দাবি করে ভিজিটিং কার্ড ও চিকিৎসা পত্র ছাপিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করত। তাদের সাটিফিকেটে দেখা গেছে কেউ এসএসসি আবার কেউ এইচ এসসি পাশ।
আটকদের মধ্যে ছয়জনকে এক বছর করে ও চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদের মধ্যে প্রথমে সাভার বাজার বাসস্ট্যান্ডের অন্ধ কল্যাণ সংস্থা মাকের্টে অভিযান চালিয়ে সাহারা ডেন্টাল কেয়ারের মালিক একেএম শামসুল হক, পদ্মা ডেন্টাল কেয়ারের মালিক এফএম নবাব মিয়া, মেরীনা ডেন্টাল কেয়ারের মালিক মনিরা আক্তার, বাজার রোডের ডেন্টাল ক্লিনিকের মালিক এমএ মালেক, নামা বাজারে নিউ ডেন্টাল হকের মো. শাহীনুর আলম ও আব্দুল আজিজ খান, বাজার বাসস্ট্যান্ডের শাহজালাল মাকের্টের সেবা ডেন্টাল সার্জারীর মালিক আবুল কালাম, মডার্ন ডেন্টাল অ্যান্ড হারবাল চিকিৎসালয়ের হাজী মো. মনির হোসেন, চৌধুরী ডেন্টাল কেয়ারের আনিসুজ্জামান চৌধুরী ও সাভার ডেন্টাল কেয়ারের আবু তৈয়ব সুমনকে আটক করা হয়।
এদের মধ্যে এমএ মালেক সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত বিভাগের টেকনোলজিস্ট পদে কর্মরত ছিলেন।
র্যাব-৪ এর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটককৃতদের কারোরই বিএমডিসির সনদ নেই। তাই বাংলাদেশ ডেন্টাল ও মেডিকেল কাউন্সিল (বিএমডিসি) আইন ২০১০ এর ২২ এবং ২৯ ধারা অপরাধে তাদের সাজা দেয়া হয়েছে।
অভিযানে র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম খলিল, সহকারী পুলিশ সুপার ছুফি উল্লাহ, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.মো. আমজাদুল হক উপস্থিত ছিলেন।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম খলিল জানান, র্যাবের গোয়েন্দা সদস্যদের মাধ্যমে তথ্যপ্রমাণ হাতে নিয়ে এ অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
