‘শান্তি বৃক্ষ’ পাওয়ায় প্রধানমন্ত্রীকে সংসদের অভিনন্দন
নারী ও কন্যাশিশুদের শিক্ষা প্রসারের স্বীকৃতি হিসাবে ইউনেস্কোর স্মারক ‘শান্তি বৃক্ষ’ পাওয়ায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
মঙ্গলবার সংসদ অধিবেশনের শুরুতে স্পিকার বলেন, নারী ও কন্যাশিশুদের শিক্ষা প্রসারের স্বীকৃতি হিসাবে ইউনেস্কোর স্মারক শান্তি বৃক্ষ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
“এই সম্মাননা পাওয়ায় জাতীয় সংসদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি।”
এসময় উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
সোমবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা নারী ও কন্যাশিশুদের শিক্ষা প্রসারের স্বীকৃতি হিসাবে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন স্মারক ‘শান্তি বৃক্ষ’।
প্রধানমন্ত্রী এটি বাংলাদেশ ও বিশ্বের সব কন্যাশিশু ও নারীদের প্রতি উৎসর্গ করেন।
