২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের আগাম টিকেট ২৬ সেপ্টেম্বর থেকে

ঈদ-পূজা সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর। আর ফিরতি টিকেট পাওয়া যাবে ৩ অক্টোবর থেকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 01:33 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

পুরনো খবর:

ঈদে সিএনজি স্টেশন খোলা ২৪ ঘণ্টা, চলবে না ট্রাক

রেলমন্ত্রী মুজিবুল হক মঙ্গলবার রেলভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, প্রথম দিন পাওয়া যাবে ঈদের ৫ দিন আগের টিকেট।

চাঁদ দেখার ভিত্তিতে আগামী ৫ থেকে ৭ অক্টোবর ঈদের সরকারি ছুটি হওয়ার কথা। তার আগে ৪ অক্টোবর রয়েছে হিন্দু সম্প্রদায়ের বিজয়া দশমীর ছুটি।

“২৬ সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে ১ থেকে ৫ অক্টোবরের টিকেট বিক্রি হবে। ৩ অক্টোবর পাওয়া যাবে ৭ তারিখের ফিরতি টিকেট। ধারাবাহিকভাবে ১১ অক্টোব পর্যন্ত ফিরতি টিকেট আগাম বিক্রি হবে”, বলেন মন্ত্রী।

প্রতিবারের মতো এবারো একজন চারটির বেশি টিকেট পাবেন না বলে জানান তিনি।

মুজিবুল হক বলেন, বর্তমানে রেলের মোট ৮৪৮টি কোচ রয়েছে। ঈদ-পূজা সামনে রেখে ১৩০টি কোচ মেরামত করা হয়েছে। ১৭৮টি ইঞ্জিন চালু রয়েছে; ঈদ-পূজা সামনে রেখে আরো ৩০টি ইঞ্জিন মেরামত করা হয়েছে।

ঈদ-পূজা সামনে রেখে বিভিন্ন রুটে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে বলেও জানান তিনি।

“স্বাভাবিক অবস্থায় প্রতিদিন এক লাখ ৮০ হাজার টিকেট বিক্রি হয়ে থাকে। ঈদ-পূজা সামনে রেখে প্রতিদিন সব ট্রেন মিলিয়ে দুই লাখ ৫০ হাজার টিকেট বিক্রি করা হবে।”

ঈদ-পূজায় ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে রেলের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ছুটি বাতিল করা হবে এবং যাত্রী নিরপাত্তায় বিশেষ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মন্ত্রী।

রেলের উন্নয়নে শিগগিরই ১২০টি কোচ আনা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে যাত্রীরা ‘দৃশ্যমান পরিবর্তন’ লক্ষ্য করতে পারবেন।

রেল সচিব আবুল কালাম আজাদ, রেলওয়ের মহাপরিচালক তফাজ্জল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।