‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা চোরাকারবারী গুলিবিদ্ধ, গ্রেপ্তার ৫
কক্সবাজারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ইয়াবা পাচারকারী গুলিবিদ্ধ হয়েছেন।
এছাড়া ইয়াবাসহ চট্টগ্রাম ও কক্সবাজার থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মনজুর আলম জানান, মঙ্গলবার ভোরে কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন বাইপাস সড়কের উত্তরণ হাউজিং এলাকায় গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা চোরাকারবারী নজরুল ইসলাম (৪৪) গুলিবিদ্ধ এবং এক এএসআই ও দুই কনস্টেবল আহত হয়।
গুলিবিদ্ধ নজরুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আহত ডিবি পুলিশের এআইএস টিটু দত্ত, কনস্টেবল সোহেল ও নাজমুলকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ সময় আড়াই হাজার ইয়াবা বড়ি, একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।
ওসি মনজুর আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল উত্তরণ হাউজিং এলাকায় পৌঁছলে ইয়াবা চোরাকারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জীবন রক্ষার্থে পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। এক পর্যায়ে চোরাকারবারীরা পাহাড়ের দিকে পালিয়ে যায়।
“পরে ঘটনাস্থল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত টেকনাফের শীর্ষ ইয়াবা চোরাকারবারী মো. নজরুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।”
এ ব্যাপারে কক্সবাজার সদর থানায় অস্ত্র, মাদক দ্রব্য ও পুলিশের উপর হামলার অভিযোগ এনে পৃথক তিনটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে রামু ও উখিয়া উপজেলায় দেড় হাজার ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে রামু বাইপাস সড়কের মোড়ে এক হাজার ইয়াবাসহ একজনকে এবং বেলা ১১ টার দিকে উখিয়ার রাজাপালং এলাকা থেকে ৫৮০ ইয়াবাসহ আরেকজনকে ধরা হয়।
এরা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াবাজার এলাকার বাচা মিয়ার ছেলে রবিন হোসেন (২২) ও নোয়াখালীর সুধারাম এলাকার সাখায়েত উল্লাহর ছেলে আবদুর রহমান (২০)।
এ ব্যাপারে মামলা হয়েছে বলে রামু থানার এসআই খোরশেদ আলম ও উখিয়া থানার ওসি অংসাথোয়াই জানিয়েছেন।
চট্টগ্রামে ৩ ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার
বন্দরনগরীতে নয় হাজার ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি সোহেল মাহমুদ জানান, নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকার বক্স আলী মুন্সি সড়ক থেকে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- সৈয়দ আলম (৫০), শাহজাহান (৩৫) ও মঞ্জুরুল হোসেন (২৮)।
এ সময় তাদের কাছ থেকে নগদ পাঁচ লাখ ২৮ হাজার ৯৫৬ টাকা, ১২টি মোবাইল সেট ও চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বক্স আলী মুন্সি রোডের ইলিয়াছ সওদাগরের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সৈয়দ আলমের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায় জানিয়ে এএসপি সোহেল বলেন, “তারা টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রামে তা বিক্রি করত বলে জানিয়েছে।”
