খুনের দায়ে দুইজনের ফাঁসি
ধারের টাকা ফেরত চাওয়ায় স্ত্রীর সহকর্মীকে খুনের দায়ে চট্টগ্রামে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক বিশেষ জেলা ও দায়রা জজ মমিন উল্লাহ মঙ্গলবার আট বছর আগের এই হত্যা মামলার রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- দিদারুল আলম জসিম (৫০) ও জাকির হোসেন (৫০)। দিদার কারাগারে থাকলেও জাকির মামলার শুরু থেকেই পলাতক।
নগরীর চেরাগী পাহাড় মোড়ে একটি ফুলের দোকান চালাতেন জাকির।
হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় আদালত জাকিরের স্ত্রী কাওসারা বেগম এবং মোজাফফর ও তাহের নামে তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছে বলে ট্রাইব্যুনালের বিশেষ পিপি জাহাঙ্গীর আলম জানান।
মামলার বিবরণে বলা হয়, ২০০৬ সালের ২৪ ডিসেম্বর চট্টগ্রামের সাতকানিয়া কাছ্না ইউনিয়নের নন্দলাল দীঘির পাড়ে শ্বাসরোধের পর ছুরিকাঘাতে হত্যা করা হয় দোহাজারী পল্লী বিদ্যুৎ ইউনিয়নের প্ল্যান্ট সহকারী শরিফুল আলমকে।
পিপি জাহাঙ্গীর আলম বলেন, শরিফ মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাকিরের স্ত্রী কাওসারা বেগমের সহকর্মী ছিলেন। সেই পরিচয়ের সূত্রে শরিফুলের কাছ থেকে ব্যবসার জন্য দুই লাখ টাকা ধার নেন জাকির।
“আরেক আসামি দিদারুলও নিহত শরিফুলের সহকর্মী ছিলেন। দিদারুলও শরিফের কাছ থেকে দুই লাখ টাকা ধার নেন।”
টাকা ফেরত চাওয়ায় দুই আসামি শরিফুলকে তুলে নিয়ে খুন করে বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়।
হত্যাকাণ্ডের পরদিন সাতকানিয়া কাছ্না ইউনিয়নের গ্রাম পুলিশ মো. ইউনুস পাঁচজনের বিরুদ্ধে এই হত্যা মামলা দায়ের করেন।
২০১১ সালের ৩১ মার্চ মামলাটি চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালে আসে। ওই বছর অক্টোবরে আদালত পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
পিপি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৬ জন সাক্ষীর বক্তব্য শুনে বিচারক এ রায় দেন।
