রংপুরে ব্যবসায়ী খুন, সঙ্গী র্যাব সদস্যকে কুপিয়ে আহত
রংপুরের পীরগাছা উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক হোটেল মালিক মারা গেছেন। তার সঙ্গী র্যাবের এক সদস্যও এই হামলায় আহত হয়েছেন।
আহত র্যাব সদস্য রাসেল নিহত খায়রুলের চাচাত ভাই। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের পরিচালক চিকিৎসক গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্বৃত্তরা কুপিয়ে রাসেলের বাম হাত ঝুলিয়ে দিয়েছে। তার অস্ত্রোপচার চলছে।”
মোটর সাইকেলে সোমবার রাত সাড়ে ১০টায় কালীগঞ্জ বাজার থেকে দামুরচাকলা যাওয়ার পথে খায়রুল ও রাসেল হামলার মুখে পড়েন বলে পীরগাছা থানার ওসি মকবুল হোসেন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইটাকুমারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে তাদের আটকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান খায়রুল।”
পুলিশ কনস্টেবল রাসেল ঢাকায় র্যাবে কর্মরত। ছুটি নিয়ে তিনি বাড়িতে আসেন বলে পুলিশ কর্মকর্তা মকবুল জানান।
হত্যাকাণ্ডের কারণ জানতে চাইলে তিনি বলেন, “ইটভাটার মালিকানা নিয়ে রাসেলের বড় ভাই রুজু মিয়ার সঙ্গে অংশীদার কাফি মিয়ার দ্বন্দ্ব চলছিল। ধারণা করা হচ্ছে, ওই দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।”
ময়না তদন্তের জন্য খায়রুলের লাশ থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
