নোয়াখালীতে শ্রমিক লীগ নেতা খুন
ফেনীর এক শ্রমিক লীগ নেতার লাশ নোয়াখালীর সেনবাগে পাওয়া গেছে।
সাইফুল ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ওই ইউনিয়নের উত্তর চন্ডিপুর গ্রামের মমিনুল হকের ছেলে।
দাগনভূঞার পাশের এলাকা সেনবাগের মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে সড়কের পাশে সোমবার রাতে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
রাত ১০টার দিকে পুলিশ গিয়ে হাত বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় থাকা লাশটি উদ্ধার করে বলে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, থানায় লাশ আনার পর সাইফুলের স্বজনরা এসে তা সনাক্ত করেন।
পুলিশ কর্মকর্তা জাকির বলেন, “সম্ভবত শ্বাসরোধে হত্যার পর মরদেহ ওই স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।”
তবে কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত হতে পরেনি পুলিশ।
থানা থেকে লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জাকির জানান।
