২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেললাইনে তরুণের লাশ

নরসিংদীর ঘোড়াশাল রেল স্টেশনের কাছে অজ্ঞাত পরিচয়ের এক তরুণের লাশ উদ্ধার হয়েছে, যার পরণে রাজধানীর বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের ইউনিফর্ম ছিল বলে রেলওয়ে পুলিশ জানিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 11:55 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

সোমবার বিকেলে খন্ডিত মাথার ওই তরুণের (১৮) লাশ ঘোড়াশাল স্টেশনের আধা কিলোমিটার পূর্ব  দিকে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের ওপর থেকে উদ্ধার করা হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. আদম আলী শেখ জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ঘোড়াশাল স্টেশনের আধা কিলোমিটার পূর্বে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস অতিক্রম করার পরই ঢাকা-চট্টগ্রাম রেলপথের ওপর ওই তরুণের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

নিহত তরুণের পরিচয় জানাতে না পারলেও তিনি বলেন, “তার পরণে নীল রংয়ের জামা ও খাকি রংয়ের ফুল প্যান্ট ছিল। জামার পকেটের ওপর বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের মনোগ্রাম ছিল। পাশেই পড়ে থাকা একটি স্কুল ব্যাগে এম এ জাব্বারের লেখা উচ্চ মাধ্যমিক শ্রেণীর ‘বল বিদ্যা ও বিচ্ছিন্ন গণিত’ বই ছিল।”

সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে উপ-পরিদর্শক আদম আলী বলেন, “ধারণা করা হচ্ছে চট্টলা ট্রেনের নীচে কাটা পড়ে ওই তরুণ মারা গেছেন।”