নৌ-প্রকৌশলী আলেক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রামে নৌ-প্রকৌশলী আলেক মিয়া হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাঙামাটির লংগদু উপজেলা থেকে সোমবার ভোররাতে আসামি জসীম উদ্দিনকে (২৪) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের এসআই সন্তোষ চাকমা।
জসীম উদ্দিন কর্ণফুলী থানার চর পাথরঘাটার বাসিন্দা আবুল কালামের ছেলে।
গত ২৭ জুলাই সকালে ‘ইডেন-২’ নামের মাছ ধরার নৌযান থেকে নৌকায় করে শহরে ফেরার সময় প্রকৌশলী আলেক মিয়াকে পরিকল্পিতভাবে হামলা করে হত্যা করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
একদিন পর নদী থেকে তার লাশ উদ্ধার করে কোস্ট গার্ড। ঘটনার পরই পালিয়ে যায় মান্নান ও জসীম।
এ ঘটনায় নিহতের স্ত্রী সদরঘাট থানায় নৌকার মাঝি মান্নান ও তার সহকারী জসীমকে আসামি করে মামলা করেন।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসীম তেল চুরির প্রতিবাদ করায় আলেক মিয়াকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানান এসআই সন্তোষ।
তিনি বলেন, “জসীম জানিয়েছে, ঘটনার দিন সকালে মান্নান তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। পরে আলেক মিয়া নৌকা ওঠার পর জসিম প্রথমে বৈঠা দিয়ে তার মাথায় দুই বার আঘাত করে। আলেক নদীতে পড়ে যাওয়ার পর জসীমও তাকে একবার আঘাত করে।”
“এরপর তারা নৌকা নিয়ে ঘাটে চলে আসে এবং সেখান থেকে তারা আইয়ুব আলী ও মাঝি সমিতির সভাপতি হাসমতের সঙ্গে যোগাযোগ করে।”
সন্তোষ চাকমা বলেন, “এরপর তারা সেখান থেকে নিজ নিজ বাড়ি ফিরে যায়। পরে আবার তারা শাহ আমানত সেতুতে একত্রিত হয়ে সেখান থেকে ষোলশহর এলাকায় হাসমতের বাসায় যায়। হাসমতের পরামর্শেই দুজন আত্মগোপন করে।”
জসীম আত্মগোপনের প্রথম ১২দিন রাঙ্গুনিয়ায় অবস্থান করে সেখান থেকে লংঘদু উপজেলায় তার আত্মীয় মাহমুদ আলীর কাছে গিয়ে মাছ ধরার ট্রলারে কাজ নেয়, বলেন এসআই সন্তোষ।
