স্কুলছাত্র হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
নেত্রকোনার কেন্দুয়ার একটি স্কুলের ব্যবস্থাপনা নিয়ে দ্বন্দ্বের জেরে এক স্কুলছাত্রকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে এ মামলায় দুই কিশোরকে ১০ বছরের আটকাদেশ দেয়া হয়েছে।
ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম সাজেদুর রহমান সোমবার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
মামলার আসামি মোখেলেছুর রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। আর যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে হাবীবুর রহমান বকুল, রামীম মিয়া, মতিউর রহমান মতি, মোশারফ হোসেন ও আফজাল হোসেন রবকে।
একইসঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে বিশ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
এছাড়া দশ বছরের আটকাদেশ দেয়া হয়েছে লুৎফর রহমান হৃদয় (১৪ বছর ছয়মাস) ও জাহাঙ্গীর আলম টিটুকে (১৪)।
এ দুইজনকে এখন কিশোর সংশোধনাগারে রাখা হলেও ১৮ বছর পূর্ণ হলে তাদের কারাগারে পাঠাতে হবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।
মামলার বিবরণে জানা যায়, নিহত মিজানুর রহমান বাবু ছিল কেন্দুয়া থানার নওপাড়া স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
স্কুল ব্যবস্থাপনার দ্বন্দ্বের জেরে ২০১১ সালের ১৫ অক্টোবর তাকে জবাই করে হত্যা করে হাওরের ধান ক্ষেতে লাশ ফেলে রাখে আসামিরা। পরে মোখলেছুর রহমান হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
এ ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি মাহবুবুর রহমান জানান, বাদীপক্ষে ১৪ জনের সাক্ষ্য শুনে আদালত রায় ঘোষণা করেছে।
