২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে হামলায় যমুনা টিভির সাংবাদিক আহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বেসরকারি টেলিভিশন যমুনা টিভির জেলা প্রতিনিধির বাড়িতে হামলা করে তিনিসহ ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 01:41 AM

Updated : 22 Aug 2022, 07:04 PM

তিনজনকে ধারালো অস্ত্রের আঘাতে জখম করেছে দুর্বৃত্তরা।

রোববার রাতে এই হামলার পরপরই স্থানীয় লোকজন দুর্বৃত্তদের ঘিরে ফেলে ঘটনাস্থল থেকে একটি এলজি বন্দুক ও পাঁচ রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশে দেয়।

এই ঘটনায় আহতরা হলেন, যমুনা টিভির প্রতিনিধি মোতাসিম বিল্লাহ সবুজ (৩৭), তার বাবা চৌমুহনী পৌর এলাকার কাজী (নিকাহ রেজিস্ট্রার) মো. সোলাইমান (৭৫) এবং তার সহকারী আবদুর রহিম (২০)।

বেগমগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান,  রাত ১০টার দিকে সোলাইমানের ওপর তার বাড়ির সামনেই অতর্কিতে হামলা চালায় একদল সন্ত্রাসী। এসময় তারা কয়েক রাউন্ড গুলি করে এলাকায় আতংক সৃষ্টির চেষ্টা চালায়।

পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে সোলাইমান,  আবদুর রহিম এবং সাংবাদিক মোতাসিমকে কুপিয়ে আহত করে। কিন্তু স্থানীয় লোকজন সন্ত্রাসীদের ঘিরে ফেলে সুমন ও স্বপনকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়।

ওসি মোস্তাফিজ বলেন, “ঘটনাস্থল থেকে একটি এলজি ও পাঁচ রাউন্ড গুলিসহ স্থানীয় লোকজন ওই দু’জনকে পুলিশে দেন। তাদের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

তিনি জানান, আহতদের মধ্যে কাজী সোলাইমান ও রহিমকে প্রথমে নোয়াখালী মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

পূর্বশত্রুতার জের ধরে এই হামলা হতে পারে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তা মোস্তাফিজ।