নোয়াখালীতে দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, বাসে আগুন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হওয়ার পর সড়ক অবরোধ করে একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা।
নিহত নিপু চন্দ্র মজুমদার (১৪) ওই এলাকারই সহদেব চন্দ্র নাথের ছেলে। সে হাজী মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। আহত কার্তিক মজুমদার নিপুর সহপাঠী এবং একই এলাকার প্রিতম মজুমদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চরজব্বার থানার ওসি এনামুল কবির বলেন, স্থানীয় সওদাগর বাজারে ফুটবল খেলা দেখে সন্ধ্যায় বাড়ি ফিরছিল নিপু ও কার্তিক। পথিমধ্যে সুবর্ণ সুপার সার্ভিসের দ্রুতগামী একটি বাস তাদের দুজনকে চাপা দেয়।
“এরপর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় নিপুর মৃত্যু হয়।”
ওসি এনামুল বলেন, “নিপুর মৃত্যুর খবরে হাজী মোশাররফ স্কুলের বিক্ষুদ্ধ শিক্ষার্থী ও স্থানীয় লোকজন সন্ধ্যা ৭টা থেকে একঘন্টা সোনাপুর সুবর্ণচর সগক অবরোধ করে রাখে। এসময় তিনটি বাস ভাংচুর ও একটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
তিনি জানান, পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
