২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে যুবকের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের সীমান্তবর্তী একটি গ্রাম থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 12:56 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

নিহত আসাদুল (২৫) উপজেলার যশোইল গ্রামের এন্তাজ আলীর ছেলে।

নওগাঁ-৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুজিব জানান, রোববার সকাল ১০টার দিকে সীমান্তবর্তী লালমাটিয়া এলাকার একটি বিলে নৌকার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিজিবি কর্মকর্তা বলেন, সকালে রোকনপুর সীমান্তের লালমাটিয়া এলাকায় একটি বিলে নৌকায় করে দুজনকে আসতে দেখে বিজিবির টহল দল তাদের কিনারায় ডাকে। এ সময় ওই দুজন নৌকা থেকে নেমে গ্রামের ভিতর ঢুকে পড়ে।

বিজিবির টহল দল পরে ওই নৌকা থেকে আসাদুলের লাশ উদ্ধার করে। তার মুখ ফোলা ও শরীরের বিভিন্ন স্থানে পোড়া দাগের চিহ্ন রয়েছে।

নিহতের ভাই রবিউলের উদ্ধৃতি দিয়ে বিজিবি কর্মকর্তা মুজিব জানান, আসাদুল গত শুক্রবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

“কিভাবে তিনি মারা গেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে,” বলেন তিনি।

পুলিশের কাছে হস্তান্তরের পর ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।