চবির শাটল ট্রেনে ফের হাতবোমা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘হলের আবাসিক শিক্ষার্থীদের’ ব্যানারে ডাকা ধর্মঘটের সপ্তম দিনে আবারো শাটল ট্রেনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চৌধুরীহাটের কাছাকাছি এলাকায় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ।
তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
ধর্মঘটীদের পরিচয় বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করতে না পারলেও সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছে আন্দোলনকারীরা ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত।
এর আগে গত বৃহস্পতিবার সকালের দিকে নগরীর পাহাড়তলী ইস্পাহানি রেল ক্রসিং এলাকায় শিক্ষকদের বাসে ভাংচুর হয় এবং ষোলশহর দুই নম্বর এলাকায় রেল স্টেশনে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
ধর্মঘট আহ্বানকারীরা ‘চোরাগোপ্তা হামলায়’ নেমেছে জানিয়ে প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্যই এমন করা হচ্ছে।”
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাটল ট্রেন চৌধুরীহাট পৌঁছুলে দুর্বৃত্তরা তিন-চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
ট্রেনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “ধর্মঘটের আগে শাটল ট্রেনে তিন-চারজন পুলিশ থাকত। ধর্মঘট শুরুর পর থেকে ট্রেনে ১০ জন করে পুলিশ সদস্য থাকেন।”
এদিকে শহরে বাস ভাংচুর ও বোমাবাজি হলেও বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক কার্যক্রম স্বাভাবিক বলে দাবি করেছেন প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ।
গত ২৪ অগাস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিবির ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে গোলাগুলির পর সোহরাওয়ার্দী হলে অভিযান চালিয়ে বেশ কিছু পেট্রোল বোমা ও পাথর উদ্ধার করে পুলিশ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরদিন শিবিরকর্মীদের নিয়ন্ত্রণে থাকা হলটি বন্ধ করে দেয়।
এছাড়া গত ১২ জানুয়ারি শিবির-ছাত্রলীগ সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বন্ধ করে দেয়া হয় শাহ আমানত হল। এটিও শিবিরের নিয়ন্ত্রণে ছিল।
এসব হল খুলে দেয়ার দাবিতে ‘হলের আবাসিক শিক্ষার্থী’ পরিচয়ে বিভিন্ন গণম্যাধ্যম কার্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে গত ৩০ অগাস্ট রোববার থেকে ছাত্র ধর্মঘটের ডাক দেয়া হয়।
বন্ধ থাকা দুটি হল খুলে দেওয়া ছাড়াও সোহরাওয়ার্দী, শাহ আমানত ও শাহজালাল হলে বৈধ শিক্ষার্থীদের হলে কক্ষ বরাদ্দ দেয়ার দাবিও জানিয়েছে ধর্মঘট আহ্বানকারীরা। এরমধ্যে শাহজালাল হলটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নিয়ন্ত্রণে আছে।
সাধারণ শিক্ষার্থীদের মতো প্রক্টরেরও দাবি, এই ধর্মঘটের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ততা নেই।
তিনি বলেন, “ধর্মঘটকারী কারা তাদের আমরা এখন শনাক্ত করতে পারিনি। এমনকি কোন ধরনের দাবি দাওয়া নিয়েও তারা আমাদের সাথে যোগাযোগ করেনি।”
