ধামরাইয়ে ডোবা থেকে গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার
ঢাকার ধামরাইয়ে ডোবা থেকে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আবুবক্কর ছিদ্দিক (৪০) উপজেলার নয়ারচর গ্রামের কফিল উদ্দিন বেপারীর ছেলে। তিনি গরুর ব্যবসা করতেন বলে জানিয়েছে পুলিশ।
ধামরাইয়ের কাওয়ালিপাড়া ফাঁড়ি ইনচার্জ আশরাফ উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে আবুবক্করকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে বাস্তা এলাকার একটি ডোবায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি বলেন, “ধারণা করা হচ্ছে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে।”
