২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্ডিত রামকানাইকে শেষ শ্রদ্ধা

সংগীতজ্ঞ ও লোকসংগীত সংগ্রাহক পণ্ডিত রামকানাই দাশকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সিলেটবাসী।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 12:06 PM

Updated : 25 Apr 2022, 04:39 PM

শনিবার বিকেলের দিকে একুশে পদক প্রাপ্ত এই শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ের পেড়ুয়ায়। 

শনিবার সকাল পৌনে ১১টার দিকে প্রয়াত এই সংগীতবোদ্ধার মরদেহ শহীদ মিনারে আনা হয়।  

সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন- সিলেট সিটি কর্পোশেনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিলেটের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, তার গুণগ্রাহী ও সর্বস্তরের মানুষ।

রামকানাইয়ের ছেলে পিনু সেন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিলেট শহরের করেরপাড়ার বাসা থেকে বাবার মরদেহ শহীদ মিনারে ঘণ্টাখানেক রাখার পর নেয়া হবে গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ের পেড়ুয়ায়। বিকেলের দিকে সেখানেই বাবার শেষকৃত্য সম্পন্ন হবে।”

শুক্রবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান রামকানাই দাশ।

গত ২৬ অগাস্ট সিলেটের বাড়িতে অসুস্থ হয়ে পড়লে রামকানাইকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টি ধরা পড়ে। পরদিন তাকে নিয়ে আসা হয় ঢাকায়। মস্তিষ্কে রক্তক্ষরণ বেড়ে গেলে ৩০ অগাস্ট মেট্রোপলিটন হাসপাতালে জরুরি ভিত্তিতে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

পন্ডিত রামকানাই দাশের জন্ম ১৯৩৫ সালে, সুনামগঞ্জ জেলায়। লোকসংগীত সংগ্রহে অবদানের জন্য ২০১৪ সালে সরকার তাকে একুশে পদক ভূষিত করে।

দেশের আনাচে-কানাচে হারিয়ে যাওয়া বহু লোকসঙ্গীত সংগ্রহ করে বাংলা গানকে সমৃদ্ধ করেছেন এই সংগীতবোদ্ধা। গাওয়ার পাশাপাশি তিনি গান লিখছেন এবং সুর করেছেন। সেই সঙ্গে শিক্ষক হিসাবে বহু শিল্পী তৈরি করেছেন।

শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা নিয়ে ‘সরল সঙ্গীত শিক্ষা’ নামে একটি বইও লিখেছেন রামকানাই।

সংগীতে অবদানের জন্য গুণী এ শিল্পীকে ২০১২ সালে বাংলা একাডেমির সম্মানসূচক ‘ফেলোশিপ’ এবং ২০০০ সালে ‘রবীন্দ্র পদকে’ সম্মানিত করা হয়।

রামকানাইয়ের বাবা রসিকলাল দাশ এবং মা দিব্যময়ী দাশ ছিলেন লোকসঙ্গীতের শিল্পী। লোকসঙ্গীতের গন্ডি পেরিয়ে ধ্রুপদী সঙ্গীত, বিশেষ করে ‘খেয়াল’ এ মন দিয়েছিলেন রামকানাই। তালিম নিয়েছিলেন তবলাতেও।

১৯৬৭ সাল থেকে সিলেট বেতারে নিয়মিত সংগীত পরিবেশন করে আসা রামকানাইয়ের গানের অ্যালবামগুলো হলো- ‘বন্ধুর বাঁশি বাজে’ (২০০৪); ‘সুরধ্বনির কিনারায়’ (২০০৫); ‘রাগাঞ্জলি’ (২০০৬); ‘অসময়ে ধরলাম পাড়ি’ (২০০৬) এবং ‘পাগলা মাঝি’ (২০১০)।

পুরনো খবর:

চলে গেলেন পণ্ডিত রামকানাই দাশ