মামলা প্রত্যাহার করতে ব্যবসায়ীকে হুমকির অভিযোগ
রাজধানীর মোহাম্মদপুরে সোনার দোকানে ‘লুটপাটে’র পর মামলা করায় তা প্রত্যাহার করে নিতে এক ব্যবসায়ীকে ‘হত্যার হুমকি’ দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার মোহাম্মদপুর থানায় এ ব্যাপারে নিজের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন ব্যবসায়ী সিরাজ মিয়া।
এ বিষয়ে জানতে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টিকে তারা গুরুত্বের সাথে তদন্ত করছেন। একই সাথে অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা করছেন।”
সিরাজ মিয়া অভিযোগ করে বলেন, গত ২৯ অগাস্ট রাতে মোহাম্মদপুর কৃষি মার্কেটের পাশে ইভান জুয়েলার্স নামে একটি সোনার দোকানে হোটেল ব্যবসায়ী ইসমাইল হোসেনের নেতৃত্বে ১০/১২জন হামলা চালায়।
তিনি জানান, এই ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও ইসমাইল পালিয়ে যায়। গুরুতর আহত হয়ে ইয়াসিন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে।
পুলিশ জানায়, ইয়াসিনের কাছ থেকে হোটেল ব্যবসায়ী ইসমাইল চার লাখ টাকা ঋণ নিয়েছিল। এরপর টাকা ফেরত দিতে বারবার তাগাদা দেয়ার কারণেই ইভান জুয়েলার্সে ইসমাইল দলবল নিয়ে হামলা চালায়।
তবে এ ব্যাপারে ইসমাইল নিজেকে নির্দোষ দাবি করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তিনি কখনোই হামলা- লুটপাট বা হুমকির সাথে জড়িত নন। এটি একটি ষড়যন্ত্র।”
সিরাজ মিয়া বলেন, “ইসমাইল হোসেন তার সন্ত্রাসী বাহিনী দিয়েই এই হামলা চালিয়েছে। আর এ ঘটনায় মামলা করার পর নানাভাবে জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে।”
“আমি পুলিশের সাহায্য চেয়েছি, নিশ্চয় তারা আমাকে সাহায্য করবে,” বলেন তিনি।
