‘শিগগিরই সাগরের সাতটি ব্লকে দরপত্র আহ্বান’
উৎপাদন অংশীদারত্ব চুক্তির (পিএসসি) আধুনিকায়ন শেষে শিগগির সাগরের সাতটি ব্লকে দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
ফাইল ছবি
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সাগরের এক হাজার দুইশ মিটার থেকে দুই হাজার মিটার গভীরতায় এ অনুসন্ধান চালানো হবে।
“আমাদের আরও সাতটির মত ব্লক রয়ে গেছে। পিএসসির আধুনিয়কায়ন শেষে শিগগিরই আমরা বিডিং (দরপত্র আহ্বান) এ যাব।”
প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব ব্লকে তেল-গ্যাস পাওয়ার আশা জানিয়ে বলেন, এর পার্শ্ববর্তী ব্লকগুলো হচ্ছে মিয়ানমারের। তারা ইতিমধ্যে বিডিং এ গেছে। সেখানে তেল-গ্যাস প্রাপ্তির সম্ভাবনা দেখা গেছে।
মহেশখালীর মাতারবাড়িতে ‘এনার্জি হাব’ গড়ে তোলা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেখানে কয়লার টার্মিনাল ও বিদ্যুৎ কেন্দ্র হবে। এটা গত ৪০ বছরের মধ্যে বাংলাদেশে জাপানের সর্বোচ্চ বিনিয়োগ।
আরও পাঁচটি দেশ ওই এলাকায় বিদ্যুৎ প্রকল্প স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান প্রতিমন্ত্রী।
এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, আগামী পাঁচ বছরে এই অঞ্চলে ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ হবে। এতে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জনগণই উপকৃত হবে।
দেশে আবাসিক খাতে গ্যাসের চাহিদা মেটাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) প্ল্যান্ট তৈরির কথাও জানান প্রতিমন্ত্রী।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “গতকাল সংসদে দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা একমত যে আবাসিক খাতে এলপিজিতেই যাব। প্রয়োজনে ভর্তুকি দেব যাতে সাশ্রয়ী মূল্যে সবাই পায়।”
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীনে এবং বেসরকারি খাতে এলপিজি প্ল্যান্ট তৈরি হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, চাহিদা অনুসারে প্ল্যান্ট হতে প্রায় তিন থেকে সাড়ে তিন বছর সময় লাগবে।
এলপিজি বিতরণে ভারতের ব্যবস্থা অনুসরণ এবং রেশনিং ব্যবস্থা চালু করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
এরআগে বেসরকারি প্রতিষ্ঠান ওমেরা ফুয়েলস লিমিটেডে (ওএফএল) নির্মিত ৭০ হাজার মেট্রিক টন ফার্নেস ওয়েল ধারণক্ষমতার ট্যাংক টার্মিনাল উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে জানানো হয়, ওএফএল হল এমজেএল বাংলাদেশ লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান। টার্মিনালটি নির্মাণে মোট একশ কোটি টাকা ব্যয় হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু বকর সিদ্দিক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান, বিপিসির চেয়ারম্যান ইউনুসুর রহমান, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মো. নিজাম উদ্দিন আহমেদ ও ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী।
