কথা রাখলেন মন্ত্রী মহসীন
মেয়ের বিয়ের রাজসিক আয়োজনের জন্য স্টেডিয়ামের সীমানা প্রাচীর ভাঙার পর তা মেরামত করে প্রতিশ্রুতি রক্ষা করলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।
বৃহস্পতিবার মন্ত্রীর দ্বিতীয় মেয়ে সৈয়দা সানজিদা শারমিনের বিয়ের অনুষ্ঠান হয় মৌলভীবাজার স্টেডিয়ামে। ২০ লাখ টাকা দেনমোহরে ওই বিয়ের আয়োজনে খাওয়ানো হয় ২০ হাজার মানুষকে।
এই আয়োজন করতে গিয়ে স্টেডিয়ামের ভেতরে তৈরি করা হয় পাঁচটি বড় বড় প্যান্ডেল। অতিথিদের গাড়ি যাতায়াতের জন্য স্টেডিয়াম ও পানি উন্নয়ন বোর্ডের সীমানা প্রাচীরের প্রায় ২০ ফুট অংশ ভেঙে সুড়কি বিছানো পথ তৈরি করা হয়।
ওই খবর গণমাধ্যমে প্রকাশিত হলে সমালোচনার মুখে পড়েন মন্ত্রী মহসিন, যিনি শিশুদের অনুষ্ঠানে প্রকাশ্যে ধূমপান করে এবং সাংবাদিকদের হুমকি দিয়েও সম্প্রতি সমালোচিত হন।
স্টেডিয়ামে বিয়ের আয়োজন চলার সময় গত বুধবার মহসিন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, অনুমতি নিয়েই স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে স্টেডিয়ামের কোনও ক্ষতি হচ্ছে না, বরং গর্ত ও কর্দমাক্ত মাঠে বালু ফেলায় স্টেডিয়ামের ‘উন্নতি’ হচ্ছে।
সীমানা প্রাচীরের ভাঙা অংশটি মেরামত করে আবার ঠিক-ঠাক করে দেয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় শহরের রঘুনন্দনপুরে স্টেডিয়ামে গিয়ে দেখা যায় সীমানা প্রাচীর ও পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজের দেয়ালের ভাঙা অংশের মেরামতের কাজ শেষ হয়েছে।
পাশাপাশি প্যান্ডেলগুলো ভেঙে নামিয়ে ফেলে মাঠের যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা থালা-বাসন, চেয়ার-টেবিল ও ঘাসের উপর বিছানো ম্যাটসহ সবকিছু সরিয়ে নেয়া হয়েছে।
বৃহস্পতিবারের বিয়েতে ১৫ থেকে ১৮ হাজার মানুষকে খাওয়ানোর আয়োজন হয়েছিল বলে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছিলেন মন্ত্রীর ভাই সৈয়দ সালমান আলী। তবে অনুষ্ঠান ঘুরে এবং অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার বিয়েতে উপস্থিত ছিলেন ২০ হাজারের বেশি অতিথি।
