আ.লীগ নেতার বাড়িতে অভিযান, সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ
চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতার বাড়িতে পুলিশ অভিযান চালানোর প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আধঘণ্টা অবরোধ করেছে যুবলীগ কর্মীরা।
বৃহস্পতিবার বিকালে উপজেলার কদমরসুল এলাকার মহাসড়কে এ অবরোধ করে তারা বলে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, "একটি শিপইয়ার্ডে হামলা ও লুটের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা করা হয়। এঘটনায় তার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে।
"এরই প্রতিবাদে স্থানীয় যুবলীগকর্মীরা বিকালে সড়কের পাশে বসে পড়ে।"
তবে স্থানীয়রা জানায়, বিকাল সোয়া ৩টা থেকে ৪টা পর্যন্ত মহাসড়কে অবরোধ করে রাখে যুবলীগ কর্মীরা। এসময় রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয় বলেও জানান তারা।
পরিদর্শক আমিন জানান, বুধবার বিকালে আরেফীন এন্টারপ্রাইজ নামে একটি শিপ ইয়ার্ডে লোহা চুরির অভিযোগে বাপ্পী নামে এক যুবককে আটক করে সেখানকার নিরাপত্তাকর্মীরা।
পরে বাপ্পীর পক্ষের লোকজন গিয়ে শিপ ইয়ার্ডে হামলা করে তাকে ছাড়িয়ে আনে।
এঘটনায় ইয়ার্ড কর্তৃপক্ষ ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. ইউনুস, তার ভাই ভাটিয়ারী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. ইউসুফ এবং বাপ্পিসহ ৩০ জনকে আসামি করে মামলা।
রাতে পুলিশ ইউনুসের বাড়িতে অভিযান চালিয়ে তার ভাই ভাটিয়ারি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইউসুফ ও বাপ্পিকে গ্রেপ্তার করে।
