বিমানের টয়লেটে ২৮ কেজি সোনা
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের টয়লেট থেকে ২৪০টি সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস ও শুল্ক বিভাগের গোয়েন্দারা।
ব্যাংকক থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তল্লাশি চালিয়ে এসব সোনা পাওয়া যায়, যার ওজন ২৮ কেজি।
উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা বলে জানান বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল।
ঢাকায় চোরাকারবারিকে অপহরণের চেষ্টা
রাজধানীর ধানমণ্ডিতে এক সোনা চোরাকারবারিকে অপহরণ করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনজন।
তারা হলেন,মো. আখতার ফেরদৌস রানা (৩৪), সাদ্দাম হোসেন (২১) ও মো. আশরাফুল আলম (২৮)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ধানমণ্ডি ৭ নম্বর রোডের সামনে থেকে এক ব্যক্তিকে একটি প্রাইভেটকারে তুলে নেয়া হলে তা দেখে পুলিশ ধাওয়া করে।
ধানমণ্ডি থানার উপপরিদর্শক মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেই প্রাইভেটকারটি চলতে শুরু করলে ধাওয়া করে তিন অপহরণকারীকে আটক করে পুলিশ।”
ওই সময় উদ্ধার হন লুৎফর রহমান নামে অপহরণচেষ্টার শিকার ওই ব্যক্তি।
লুৎফরকে তল্লাশি করে মোট ৫০ ভরি ওজনের ৫টি সোনার বার পাওয়া যায় বলে এসআই মতিউর জানান।
আটকদের মধ্যে সাদ্দামের বাড়ি গাইবান্ধা। আখতার ও আশরাফের বাড়ি জয়পুরহাটে।
পুলিশ কর্মকর্তা মতিউর বলেন, “লুৎফরের বাড়িও জয়পুরহাটে। সে পুলিশের কাছে স্বীকার করেছে উদ্ধার চোরাই সোনার বারগুলো তাকে এক লোক দিয়ে গেছেন। সেগুলো বগুড়ায় নিয়ে বিক্রির পরিকল্পনা ছিল তার।”
অপহরণকারীদের চেনেন না বলে পুলিশকে জানিয়েছেন লুৎফর।
