২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকলে বাধা দেয়ায় কলেজ শিক্ষককে মারপিটের অভিযোগ

লক্ষ্মীপুর সরকারী কলেজে পরীক্ষার হলে নকল করতে বাধা দেয়ায় এক শিক্ষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। 

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 04:04 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

কলেজের প্রাণীবিদ্যার শিক্ষক মো. হাসান বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দ্বাদশ শ্রেণির অর্ধসমাপনী পরীক্ষা চলাকালে মানবিক শাখার ছাত্র সৌরভ হোসেন তার উপর হামলা করেন।

সৌরভ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে সংগঠনের নেতারা জানিয়েছেন।

শিক্ষক হাসান বলেন, “সৌরভকে নকল করতে বাধা দেয়ায় আমার ওপর হামলা হয়। এতে আমার চশমাও ভেঙে গেছে।”

প্রত্যক্ষদর্শী একাধিক পরীক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরীক্ষা চলাকালে ওই শিক্ষক সৌরভের কাছ থেকে নকলের কাগজ কেড়ে নেন। এতে সৌরভ ক্ষিপ্ত হয়ে হাসানকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। টের পেয়ে অন্য শিক্ষকরা এগিয়ে এলে দোতলা থেকে দৌড়ে পালিয়ে যায় সৌরভ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র বলেন, “ছাত্রলীগ নেতা হওয়ায় তার (সৌরভে) ব্যাপারে কেউ মুখ খুলছে না। আমরা এর প্রতিবাদ করতে চাইলেও বিভিন্নভাবে হুমকি-ধমকি দেয়া হচ্ছে।”

এ বিষয়ে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম বলেন, “সৌরভ আমাদের কর্মী। তার বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা। শিবির ও ছাত্রদলের কর্মীরা গুজব রটিয়েছে।”

উপাধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, “আমরা ঘটনাটি শুনেছি। বিস্তারিত জেনে সমস্যার সমাধানসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।”