সিলেটে সড়ক দুর্ঘটনায় দুই পথচারীর মৃত্যু
সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- বিশ্বনাথ উপজেলার মান্দাভাব গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মঈনউদ্দিন (৩৫) ও গোয়াইনঘাট উপজেলার খলামাদব গ্রামের মৃত আমির আলীর ছেলে সামছুল ইসলাম (৬০)।
শেরপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মিজানুর রহমান জানান, সকাল ১০টার দিকে গোয়ালাবাজার এলাকায় সিলেট থেকে শেরপুরগামী একটি মিনিবাস মঈনউদ্দিনকে চাপা দেয়। এতে গুরুতর আহত মঈনউদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল বাশার জানান, সকাল ৯টায় সিলেট-গোয়াইনঘাট সড়কের বঙ্গবীর হাদারপাড় এলাকায় একটি অটোরিকশা সামছুল ইসলামকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
