গাড়ি পোড়ানোর মামলায় ফখরুলদের অভিযোগ গঠন পেছাল
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ দলীয় জোটের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ফের পিছিয়ে গেছে।
ঢাকার দ্রুত বিচার আদালতের বিচারক আতাউল হক আগামী ২৪ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগ গঠনের নতুন দিন রেখেছেন।
এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে একটি আবেদন উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায় জানিয়ে আসামিপক্ষের আইনজীবীরা বৃহস্পতিবার অভিযোগ গঠনের শুনানির জন্য আরো সময় চান।
শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে শুনানির জন্য নতুন দিন ঠিক করে দেন।
গত বছরের ১০ মে পুলিশ ৪৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিলেও পরে ২৭ মে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল জব্বারকে আসামির তালিকায় যোগ করে সম্পূরক অভিযোগপত্র দেয়া হয়।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল হোসেন ও ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুলসহ চারজনকে মামলার শুরু থেকেই পলাতক দেখানো হয়েছে।
মামলাটি আমলে নেয়া অবৈধ হয়েছে দাবি করে উচ্চ আদালতে যায় আসামিরা। হাই কোর্টে তাদের আবেদন খারিজ হয়ে গেলে আসামিরা আপিলের আবেদন করেন।
এই কারণ দেখিয়ে আসামিরা সময় চাওয়ায় এ মামলায় অভিযোগ গঠন এ পর্যন্ত কয়েক দফা পিছিয়েছে।
মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, খোন্দকার মোশারফ হোসেন, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাংগঠনিক সম্পাদক একেএম ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল হোসেন, এলডিপি সভাপতি অলি আহমেদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলুও এ মামলার আসামি।
আসামিদের মধ্যে ফখরুলসহ ৩৭ জন বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন।
