২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা বিল উত্থাপন

জ্বালানি ও বিদ্যুৎ খাতের গবেষণা আরো জোরদার ও সমন্বয় করতে ‘বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল বিল-২০১৪’ উত্থাপন করা হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 10:55 PM

Updated : 22 Aug 2022, 07:01 PM

বুধবার বিলটি সংসদে উত্থাপন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

পরে বিলটি পরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

গত বছরের ১১ নভেম্বর বিলটির অনুমোদন দেয় মন্ত্রিসভা।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও নতুন প্রযুক্তি উদ্ভাবনে এই বিল আনা হয়েছে।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, কাউন্সিল সরকারের পূর্বানুমোদন নিয়ে দেশের যে কোনো স্থানে গবেষণাগার স্থাপন করতে পারবে।

এই কাউন্সিল গবেষণা সম্পর্কিত বার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করবে। তাছাড়া আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের যোগাযোগ রক্ষা করবে বলেও বিলে উল্লেখ করা হয়েছে।

বিলে বলা হয়েছে, গবেষণালব্ধ ফলাফল জনগণকে জানানোর জন্য সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন এবং প্রকাশনা বের করা হবে।

কাউন্সিলের গভর্নিং বডির চেয়ারম্যান ও ৪ জন সদস্য সরকার মনোনীত হবে বলে বিলে বলা হয়েছে। এছাড়া গভর্নিং বডিতে মন্ত্রণালয়, বেসরকারি গবেষক, বিজ্ঞানীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। কাউন্সিলের মোট সদস্য হবে ১১ জন।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে চেয়ারম্যান করে কাউন্সিলের উপদেষ্টা পরিষদ গঠনের বিধান রাখা হয়েছে। পাশাপাশি ৯ সদস্যের এই উপদেষ্টা পরিষদে বিদ্যুৎ ও জ্বালানি খাত এবং নবায়নযোগ্য জ্বালানি খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিনিধি মনোনয়নের বিধানও রাখা হয়েছে।

এছাড়া গবেষণার কাজ সুষ্ঠুভাবে করতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি অথবা প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানি, পেশাজীবী, শিল্প উদ্যোক্তা বা শিক্ষাবিদের সমন্বয়ে ৬ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল গঠনের বিধান রাখা হয়েছে।

প্রস্তাবিত আইনের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে নসরুল হামিদ বলেন, “বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হলেও গবেষণা ও উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়নি। জাতীয় চাহিদার দিকে লক্ষ্য রেখে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যুগোপযোগী গবেষণা পরিচালনা এবং বিদ্যমান গবেষণা প্রতিষ্ঠানগুলোর সমন্বয় সাধন অত্যাবশক।”

হাই-টেক পার্ক বিল পাস

‘বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (সংশোধন) বিল- ২০১৪’ সংসদে পাস হয়েছে।

বুধবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বিলটি পাসের প্রস্তাব করেন। পরে এটি কণ্ঠাভোটে পাস হয়।

গত ৭ এপ্রিল মন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিলটি সংসদে উত্থাপন করেন। পরে এটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

জাতীয় পার্টির এম এ হান্নান ও স্বতন্ত্র সদস্য হাজী মো. সেলিম ৬টি সংশোধনী প্রস্তাব দিলে মন্ত্রী দু’টি গ্রহণ করেন।

আগের মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হওয়ায় বর্তমান মন্ত্রণালয়ের নাম উল্লেখ করে এ সংশোধনী বিল আনা হয়।

বিলে হাই-টেক কর্তৃপক্ষের নির্বাহী কমিটিতে ১৭ জন সদস্য রাখার বিধান করা হয়েছে। ২০১০ সালের আইনে ছিল ১৫ জন।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে এক বিবৃতিতে বলা হয়, ২০১০ সালে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ আইন পাস হয়।

পরবর্তীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় নামে আলাদা মন্ত্রণালয় সৃষ্টি হয় এবং এ কর্তৃপক্ষকে মন্ত্রণালয়টির আওতাভুক্ত করা হয়। মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হওয়ায় বর্তমান মন্ত্রণালয়ের নামোল্লেখ করার প্রয়োজন পড়েছে।