২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার রাত থেকে চবিতে ভর্তির আবেদন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বুধবার রাত থেকে শুরু হচ্ছে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 09:43 PM

Updated : 22 Aug 2022, 07:01 PM

বুধবার রাত ১২টা এক মিনিট থেকে ২৬ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবে বলে জানান চবি ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এসএম আকবর হোছাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এবছর নতুন কোনো বিভাগ চালু করা হয়নি। সাতটি ইউনিটে ৪৭টি বিভাগে চার হাজার ৫৮৮ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।”

২০১০ থেকে ২০১২ সালের মধ্যে এসএসসি এবং ২০১৩ ও ২০১৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা এসএমএস’র মাধ্যমে ভর্তির জন্য আবেদন করতে পারবে বলেও জানান আকবর হোছাইন।

প্রতিটি ইউনিটে আবেদন করতে শিক্ষার্থীদের সার্ভিস চার্জ ছাড়া ৪৭৫ টাকা করে খরচ হবে।

আবেদনকারীদের টেলিটক মোবাইলের এমএমএস অপশনে গিয়ে CU স্পেস এইচএসএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস পাশের বছর স্পেস এসএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস পাশের বছর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

ডেপুটি রেজিস্ট্রার আকবর জানান, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cu.ac.bd)  পাওয়া যাবে। 

আগামী ২৭ অক্টোবর ‘ডি’ ইউনিটে (সমাজ বিজ্ঞান) পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা।

আর শেষ হবে ৩ নভেম্বর বি-২ ও বি-৪ ইউনিটের পরীক্ষা দিয়ে।