লালমনিরহাটে ভারতীয় জিরা আটক
লালমনিরহাট সীমান্তে ৮৬১ কেজি জিরা আটক করা হয়েছে, যেগুলো চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা হয় বলে দাবি করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার দুপুরে জেলার বড়বাড়ি বাজার এলাকায় বিজিবি এ অভিযান চালায়।
লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শফিউল আলম খান বলেন, চোরাচালানের মাধ্যমে ভারত থেকে জিরা আনার গোপন সংবাদ পেয়ে বিজিবির আটটি বিশেষ টহল দল বড়বাড়ী বাজার এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়।
ওই বাড়ি থেকে আটক জিরার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। অভিযানের সময় বাড়ির মালিক পালিয়ে যায়।
তিনি আরো বলেন, আটক জিরাগুলো জেলা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।
